বিনোদন
সদস্য বিয়োগ কাপুর পরিবারে, প্রয়াত রাজীব কাপুর
নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : ফের দুঃসংবাদ বলিউডে। বছর ঘুরতে না ঘুরতেই সদস্য বিয়োগ কাপুর পরিবারে। প্রয়াত হলেন প্রয়াত ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই তথা অভিনেতা রাজীব কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর৷ মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় “রাম তেরি গঙ্গা ম্যায়লি” সিনেমা খ্যাত অভিনেতার।
মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই ভাই রাজীবকে দ্রুত মুম্বইয়ের ইনল্যাংক হাসপাতালে নিয়ে যান রণধীর কাপুর। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাজীব কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন রণধীর কাপুর। তিনি বলেন, “আমার ছোট ভাইকে হারালাম। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন। কিন্তু পারলেন না।” রাম তেরি গঙ্গা ম্যায়লি ছাড়াও মেরা সাথি এবং হাম তো চলে পরদেশ সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। অভিনেতার পরিচালনায় তৈরি হয়েছিল প্রেম গ্রন্থ এবং আ অব লউট চলের মতো সিনেমা।
