অপারেশন সিঁদুর
কাশ্মীরে নিখোঁজ মালদার যুবক, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে উৎকণ্ঠায় পরিবার
ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের অশান্ত পরিস্থিতির মাঝে ১২ দিন ধরে নিখোঁজ মালদার (Malda) এক পরিযায়ী শ্রমিক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিওন গ্রামের বাসিন্দা আশফাক হক (Ashfaq Haque) প্রায় এক মাস আগে রুজির টানে কাশ্মীরে পাড়ি দেন। কিন্তু তাঁর যাত্রার কিছুদিন পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।
কাশ্মীরে পৌঁছে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেছিলেন আশফাক। সেখানকার আতঙ্ক ও সমস্যা সম্পর্কে একাধিকবার জানিয়েছেন বাড়ির লোককে। বলেছিলেন, খাবার জোগাড় করতে অসুবিধা হচ্ছে, আশপাশে প্রায়ই গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর মধ্যেই বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ১২ দিন আগে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার মোবাইল ফোন।
আরও পড়ুনঃউত্তর দিনাজপুর জেলার সীমান্তের নিরাপত্তা নিয়ে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী
চেষ্টা করেও কোনওভাবে যোগাযোগ করা যায়নি আশফাকের সঙ্গে। আত্মীয়-পরিজন থেকে শুরু করে পরিচিতদের মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, তবুও হদিস মেলেনি। অবশেষে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
আশফাকের বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান দিন গুনছে তাঁর ফেরার আশায়। পরিবারের বক্তব্য, “প্রতিদিন শুধু অপেক্ষায় থাকি, যদি একটা ফোন আসে। জানি না সে বেঁচে আছে কি না। কেউ কিছু বলতে পারছে না।”
কাশ্মীরের যুদ্ধপ্রস্তুতি ও নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যে যে কোনও নাগরিকের নিখোঁজ হয়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। ইতিমধ্যেই থানার তরফে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার সরকারের কাছে দ্রুত আশফাকের সন্ধানের আর্জি জানিয়েছে।
