ফুড
মাত্র ১৫ মিনিটে বানান রেস্টুরেন্ট-স্টাইল ক্রিমি পাস্তা!
ডিজিটাল ডেস্কঃ নরম, চিজি ও সুগন্ধী মাখনের মতো হোয়াইট সসের সঙ্গে মেশানো পাস্তা – যা খেতে একদম স্বর্গীয়! মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে সহজেই তৈরি করুন রেস্টুরেন্ট-স্টাইল হোয়াইট সস পাস্তা। চাইলে যোগ করতে পারেন চিকেন, সসেজ বা প্রিয় সবজি! একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই মজাদার ক্রিমি ডিশটি। চলুন জেনে নেওয়াআ যাক হোয়াইট সস পাস্তার রেসেপি।
উপকরণ:
- পাস্তা – ২ কাপ (পেননে, ফুসিলি বা আপনার পছন্দমতো)
- মাখন – ২ টেবিল চামচ
- রসুন কুচি – ১ চা চামচ
- ময়দা – ১ টেবিল চামচ
- দুধ – ২ কাপ
- চিজ (মোজারেলা/চেডার) – ½ কাপ
- গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ
- চিলি ফ্লেক্স (ঐচ্ছিক) – ½ চা চামচ
- ওরিগানো বা মিশ্র হার্বস – ১ চা চামচ
- লবণ – স্বাদ অনুযায়ী
- জল – পরিমাণমতো (পাস্তা সেদ্ধ করার জন্য
- অলিভ অয়েল/সাদা তেল – ১ টেবিল চামচ
আরও পড়ুনঃমুচমুচে রোস্টেড বেবি পটেটো – স্বাদে ভরপুর পারফেক্ট স্ন্যাক!
প্রণালী: প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত জল গরম করে তাতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ তেল দিন। জল ফুটে উঠলে পাস্তা দিয়ে ৮-১০ মিনিট সেদ্ধ করুন। এরপর ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এবং এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে রাখুন, যাতে লেগে না যায়। তারপর হোয়াইট সস বানানোর জন্য একটি প্যানে মাখন গলিয়ে তাতে রসুন কুচি দিয়ে হালকা ভাজুন। এরপর ময়দা দিয়ে কম আঁচে ১-২ মিনিট নাড়তে থাকুন, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার ধীরে ধীরে দুধ ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দানা না পড়ে। কিছুক্ষণ পর সস ঘন হয়ে এলে তাতে চিজ, লবণ, গোলমরিচ, ওরিগানো ও চিলি ফ্লেক্স দিন। ভালোভাবে মিশিয়ে নিন। এইবার পাস্তা ও সস মেশানোর পালা, তাই তৈরি করা সসের মধ্যে সেদ্ধ পাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। ২-৩ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। তারপর একটি প্লেটে গরম গরম পরিবেশন করুন ক্রিমি হোয়াইট সস পাস্তা। চাইলে উপরে কিছু গ্রেট করা চিজ ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন।
