অফবিট
ভালোবাসা মানে লড়াই, ভালোবাসা মানে জয়—সমাজের নিয়ম ভেঙে একসঙ্গে জীবনের পথে দুই নারী
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সুন্দরবনের (Sundarban) শান্ত, সবুজ গ্রামাঞ্চলে লেখা হল অন্যরকম এক গল্প— এক ভালোবাসার গল্প (Love Story)। সমাজের চোখরাঙানি, বাঁধা-ধরা নিয়ম আর ভ্রুকুটি উপেক্ষা করে একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দুই তরুণী— রিয়া সর্দার (Riya Sardar) ও রাখী নস্কর (Rakhi Naskar)। স্থানীয় মন্দিরে (Temple) সাত পাক ঘুরে, মালা বদল করে, আশীর্বাদে স্নাত হয়ে শুরু হল তাঁদের দাম্পত্য জীবন।
রিয়া, মন্দিরবাজারের (Mandirbazar) মেয়ে। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর স্নেহে বড় হয়েছেন। অন্যদিকে, রাখী কুলতলির (Kultali) বকুলতলা (Bakultala) গ্রামের মেয়ে— একান্নবর্তী পরিবারের ব্যস্ততায় ভরা তাঁর শৈশব। দু’জনেই পেশায় নৃত্যশিল্পী (Dancer)। পরিচয় হয় ফোনে (Phone)। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম (Love)।
কিন্তু তাঁরা দুজনেই জানতেন, এই পথ সহজ নয়। সমাজের বাঁধা, কটাক্ষ, প্রতিবন্ধকতা আসবেই। তবু একে অপরের পাশে থাকার সংকল্প নেন তাঁরা।
যখন রিয়া নিজের সম্পর্কে পরিবারের (Family) কাছে কথা বলেন, প্রথমে মেনে নেয়নি কেউই। কিন্তু রিয়া সিদ্ধান্তে অটল। প্রিয়জনের হাত ছাড়েননি। রাখীর বাড়িতে গিয়ে ওঠেন তিনি। রাখীর পরিবার কিন্তু ঠিক উল্টো— তাঁরা দুই তরুণীর পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের (Neighbours) সঙ্গে আলোচনা করে নিজেরাই আয়োজন করেন বিয়ের (Marriage)। স্থানীয় এক মন্দিরে পূর্ণ হিন্দু রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন রিয়া ও রাখী।
মন্দিরে উপস্থিত গ্রামের মানুষ, বন্ধু-বান্ধব ও ক্লাব সদস্যরা করতালিতে ভরিয়ে দেন অনুষ্ঠান। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওরা বলল বিয়ে করবে, আমরা আশীর্বাদ করলাম। এটাই তো ভালোবাসার জয়।”
আরেকজন ক্লাব সদস্যের মন্তব্য, “এমন বিয়ে শুধু ফোনে দেখেছি, বাস্তবে প্রথমবার দেখলাম। ওদের পাশে থাকতে পেরে গর্বিত।”
বিয়ের পর রাখী বলেন, “দু’বছর ধরে আমাদের সম্পর্ক। ফোনে পরিচয়। অনেক আগেই বুঝেছিলাম আমরা একসঙ্গে থাকব। সমাজ কী বলল, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।”
রিয়া যোগ করেন, “ভালোবাসাটাই আসল। কাকে ভালোবাসছি সেটা বড় কথা নয়।”
সুন্দরবনের মাঠপথ, নদীর হাওয়া আর মানুষের আশীর্বাদে রিয়া-রাখীর নতুন জীবনের শুরু। তাঁদের গল্প প্রমাণ করে— ভালোবাসা মানে সাহস (Courage), ভালোবাসা মানে নিজের সিদ্ধান্তকে মর্যাদা দেওয়া।


