হামলা
পাক হামলার জবাবে ডিজিটাল কড়া পদক্ষেপ, ভারতে বন্ধ পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট
ডিজিটাল ডেস্কঃ পহেলগামের জঙ্গি হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত সরকার। কূটনৈতিক সম্পর্কের সীমা টেনে দেওয়ার পর এবার ডিজিটাল স্তরেও ভারত শক্ত অবস্থান নিল। পাকিস্তান সরকারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘এক্স’ ভারতে আর দেখা যাবে না। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুরোধে এই সিদ্ধান্ত কার্যকর করেছে সোশ্যাল মিডিয়া সংস্থা।
প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তের পথ প্রশস্ত হয়। ওই বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুনঃ কাশ্মীর হামলায় কড়া বার্তা ইজরায়েলের, সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি রাষ্ট্রদূতের
সূত্রের খবর, সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। আটারি সীমান্তে যাতায়াতের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ কার্যকর হচ্ছে। ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাক কূটনীতিকদের জন্য নির্ধারিত সময়সীমা এক সপ্তাহ।
এছাড়াও, সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, নতুন ভিসার আবেদনও আপাতত গৃহীত হবে না। শুধুমাত্র মানবিক বা জরুরি প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে বিবেচনার সম্ভাবনা থাকলেও, সেটাও কঠোর নজরদারির আওতায় আসবে বলে ইঙ্গিত মিলেছে সরকারি সূত্রে। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ‘এক্স’ হ্যান্ডল ভারতে নিষ্ক্রিয় করে দেওয়ার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। একদিকে যেমন রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা স্পষ্ট, অন্যদিকে ডিজিটাল দুনিয়াতেও এই পদক্ষেপ ভারতীয় অবস্থানকে আরও জোরদার করল।
