ভাইরাল খবর
আর জি করে অব্যবস্থার পাহাড়: স্ট্রেচার না পেয়ে হেঁটে শৌচালয়ে যাওয়ার পথেই রোগীর মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ আর জি কর (RG Kar) হাসপাতালের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন আগে লিফট বিভ্রাটে (Lift Accident) এক ব্যক্তির মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চরম অব্যবস্থার (Mismanagement) অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার স্ট্রেচার না পেয়ে হেঁটে শৌচালয়ে যাওয়ার পথে মৃত্যু হলো বিশ্বজিৎ সামন্ত (৬০) নামে এক প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিমতার বাসিন্দা বিশ্বজিৎবাবু রবিবার গভীর রাতে তীব্র বুকে ব্যথা (Chest Pain) ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। রাত সাড়ে তিনটে নাগাদ তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে (Trauma Care Center) ভর্তি করা হয়। সেখানে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে ড্রপ দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল (Stable) হলে তিনি শৌচালয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
অভিযোগ, সেই সময় হাসপাতালের ভেতরে কোনো শৌচালয় (Toilet) না থাকায় চিকিৎসকরা তাঁকে বাইরের সুলভ শৌচালয়ে যেতে বলেন। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও মেলেনি কোনো স্ট্রেচার (Stretcher)। বাধ্য হয়ে প্রায় ১০০ মিটার পথ হেঁটে এবং সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে হয় তাঁকে। শৌচালয় থেকে বেরোতেই অচৈতন্য (Unconscious) হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিশ্বজিৎবাবু। এর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, বারবার সাহায্য চাইলেও হাসপাতালের কোনো কর্মী বা নিরাপত্তারক্ষী এগিয়ে আসেননি।
৭২ ঘণ্টার মধ্যে আর জি করে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এই নিয়ে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (Response) মেলেনি। অন্যদিকে, এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষের মতে, রাজ্যের হাসপাতালগুলো এখন ‘মৃত্যুফাঁদ’-এ পরিণত হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।


