ভাইরাল খবর
স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়াকে ধর্ষণের চেষ্টা নয় বলা ঠিক হয়নি, জানাল শীর্ষ আদালত
ডিজিটাল ডেস্কঃ এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা হিসাবে গণ্য করা যাবে না। এই রায়ের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট জানায়, এতে স্পষ্টতই ‘সংবেদনশীলতার অভাব’ রয়েছে।
ঘটনাটি উত্তরপ্রদেশের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে ঘিরে। তিন অভিযুক্ত মিলে নাবালিকাকে ব্রিজের নিচে নিয়ে গিয়ে তার জামা-কাপড় ছিঁড়ে ফেলে ও যৌন হেনস্থা করে। তবে পথচারীদের তৎপরতায় সে রক্ষা পায়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করলেও, এলাহাবাদ হাইকোর্ট সেই অভিযোগ হালকা করে শুধুমাত্র যৌন হেনস্তার ধারা বহাল রাখে।
আরও পড়ুনঃ চাষের জমি থেকে উদ্ধার অর্ধনগ্ন মহিলার পোড়া দেহ! শিউরে ওঠা দৃশ্য আমডাঙায়
এই রায়ের পর দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে। বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ-এর বেঞ্চ জানায়, “এই রায়ে মানবিকতা ও আইন—উভয়েরই যথাযথ প্রয়োগ হয়নি।”
শীর্ষ আদালত আরও জানায়, সাধারণত এই পর্যায়ে এসে আদালত স্থগিতাদেশ দেয় না। তবে এই রায়ের কিছু অংশ এতটাই সংবেদনশূন্য যে, আদালতকে হস্তক্ষেপ করতেই হয়েছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের প্রতিক্রিয়া চেয়েছে এবং পরবর্তী শুনানির দিনও ঘোষণা করবে বলে জানিয়েছে।
