দেশের খবর
“বাংলা বললেই অপরাধ?”—অসমে বাঙালি হেনস্তার অভিযোগে বিজেপিকে আক্রমণ মমতার
ডিজিটাল ডেস্ক: অসমে বাংলা ভাষাভাষীদের হেনস্তা নিয়ে ফের রাজনীতির কেন্দ্রে উত্তাপ। বাঙালি পরিচয় ও মাতৃভাষার সম্মান নিয়ে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বললেন, অসমে ‘বাঙালিদের অসম্মান’ বরদাস্ত করা হবে না। একই সঙ্গে যাঁরা নিজেদের ভাষা ও সংস্কৃতির জন্য লড়ছেন, তাঁদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
এক্স (X)-এ মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলা হল দেশের দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা। অসমেও বহু মানুষ বাংলায় কথা বলেন। যাঁরা ভাষা ও ধর্মীয় বৈচিত্র্যকে সম্মান করেন, শুধুমাত্র মাতৃভাষার কারণে তাঁদের উপর নিপীড়ন অত্যন্ত অন্যায়। বিজেপির বিভাজনের রাজনীতি এখন সীমা ছাড়িয়ে গিয়েছে। অসমবাসীকে আমি অনুরোধ করছি, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় একজোট হন।”
The second most spoken language in the country, Bangla, is also the second most spoken language of Assam.
To threaten citizens, who want to coexist peacefully respecting all languages and religions, with persecution for upholding their own mother tongue is discriminatory and…
— Mamata Banerjee (@MamataOfficial) July 19, 2025
তাঁর এই বক্তব্যের পরেই পালটা প্রতিক্রিয়া দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি এক্সে জানান, “এখানে হেনস্তার কোনও প্রশ্ন নেই। বরং সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের ফলে স্থানীয় বাসিন্দাদের অস্তিত্বই সংকটে পড়ছে। সরকার সেই সমস্যারই সমাধানে এগোচ্ছে।”
Didi, let me remind you—
In Assam, we are not fighting our own people. We are fearlessly resisting the ongoing, unchecked Muslim infiltration from across the border, which has already caused an alarming demographic shift. In several districts, Hindus are now on the verge of… https://t.co/mwqs398RKE
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 19, 2025
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই অসম-সহ অন্যান্য রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, মারধর, কাজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। কোথাও আবার পরিচয়পত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ রাজনৈতিক বার্তা তো বটেই, একইসঙ্গে বাঙালি জাতিসত্তার প্রশ্নে তাঁর অবস্থান ফের একবার স্পষ্ট করল।
এই প্রেক্ষাপটে গত শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) স্পষ্ট জানান, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে বিষয়টি এখন ভাষার মর্যাদা না অনুপ্রবেশ— এই বিতর্কে বিভক্ত।