দেশ
যোগীরাজ্যে দেশের দ্রুততম মেট্রোর যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ডিজিটাল ডেস্কঃ ভারতের পরিবহন মানচিত্রে এক নতুন যুগের সূচনা হলো। উত্তরপ্রদেশের মিরাটে দেশের দ্রুততম (Fastest) মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অত্যাধুনিক মেট্রোর সাহায্যে মিরাট থেকে দিল্লি পৌঁছনো যাবে মাত্র ৫৫ মিনিটে। শতাব্দীনগর স্টেশন থেকে প্রধানমন্ত্রী একইসঙ্গে মিরাট মেট্রো এবং ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডরের (Namo Bharat Corridor) উদ্বোধন করেন। এটি দেশের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS), যা দিল্লির সরাই কালে খান ও উত্তরপ্রদেশের মোদিপুরমকে সরাসরি যুক্ত করবে।
২৩ কিলোমিটার দীর্ঘ মিরাট মেট্রো প্রকল্পের (Metro Project) ১৬ কিলোমিটার পথ মাটির উপরে এবং ৭ কিলোমিটার পথ ভূগর্ভে নির্মিত হয়েছে। এই রুটে মোট ১৩টি স্টেশন রয়েছে, যার মধ্যে ৯টি এলিভেটেড (Elevated) এবং ৩টি মাটির নিচে অবস্থিত। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ (Maximum Speed) ঘণ্টায় ১৩৫ কিলোমিটার হলেও তা সাধারণত ১২০ কিলোমিটার গতিবেগে চলবে।
যাত্রীদের সুবিধার্থে অফিস টাইমে প্রতি ৫ থেকে ১০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। সপ্তাহের কাজের দিনগুলিতে (Working days) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা সচল থাকবে, তবে রবিবার পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে। ২১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। আধুনিক পরিকাঠামো (Infrastructure) এবং দ্রুতগতির এই সমন্বয় উত্তরপ্রদেশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।


