দেশের খবর
প্রতিরক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত! মোদীর দুই দিনের ইজরায়েল সফরের আগে তুঙ্গে জল্পনা
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) আসন্ন দুই দিনের ইজরায়েল সফরকে কেন্দ্র করে ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সহযোগিতা (Strategic Cooperation) এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই সফরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, দুই দেশের এই দীর্ঘমেয়াদী সম্পর্ক আগামী কয়েক বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের বাণিজ্যে পৌঁছাতে পারে।
এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হলো অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer)। ভারত ‘মিশন সুদর্শন’-এর অধীনে দেশের আকাশসীমাকে সুরক্ষিত করতে ইজরায়েলের থেকে লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম (Anti-ballistic missile system) গ্রহণের পরিকল্পনা করছে। ইজরায়েলের বিখ্যাত ‘অ্যারো’ বা ‘ডেভিডস স্লিং’-এর মতো প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করে তুলবে।
প্রতিরক্ষা সূত্রের দাবি, এর আগে ‘অপারেশন সিঁদুর’-এ ভারত ইজরায়েলি র্যাম্পেজ ও কামিকাজে ড্রোন ব্যবহার করে পাকিস্তানে সফল অভিযান চালিয়েছিল। এবার নজর রয়েছে স্পাইস ১০০০ গ্লাইড বোমা এবং দীর্ঘপাল্লার ‘আইস ব্রেকার’ মিসাইল ব্যবস্থার দিকে। প্রতিরক্ষার পাশাপাশি কৃষি, বিশুদ্ধ পানীয় জল এবং কোয়ান্টাম কম্পিউটিং (Quantum Computing) নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হওয়ার কথা। এই সফর দুই দেশের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন কূটনীতিবিদরা।


