দেশের খবর
বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের আশা নন্দিনী, হায়দরাবাদে আজ গ্র্যান্ড ফিনালে
ডিজিটাল ডেস্ক: শনিবার সন্ধ্যায় তেলঙ্গানার হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৭২তম মিস ওয়ার্ল্ড (Miss World 2025) প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। আয়োজকস্থল হায়দরাবাদের HITEX কনভেনশন সেন্টার ইতিমধ্যেই সাজসাজ রব, কারণ বহু বছর পর এই আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বসছে ভারতের মাটিতে। ১০৮টি দেশের প্রতিযোগিণীদের মধ্যে ভারতের হয়ে লড়ছেন নন্দিনী গুপ্তা (Nandini Gupta), যিনি ২০২৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া (Femina Miss India World 2023) খেতাব জিতে দেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
বিশ্বজুড়ে দর্শকদের নজর এখন নন্দিনীর দিকে। ভারতের হয়ে সর্বশেষ ২০১৭ সালে এই খেতাব জিতেছিলেন মানুষী চিল্লার (Manushi Chhillar)। তার আগে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra – 2000), যুক্তা মুখী (Yukta Mookhey – 1999), ডায়ানা হেডেন (Diana Hayden – 1997), ঐশ্বর্য রাই (Aishwarya Rai – 1994) এবং রিতা ফারিয়া (Reita Faria – 1966) বিশ্বসুন্দরীর মুকুট ঘরে তুলেছিলেন। এ বার কি সেই তালিকায় যুক্ত হবে নন্দিনীর নাম? উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা গোটা দেশ।
আরও পড়ুনঃ নারী সুরক্ষায় জোর, রাজ্যজুড়ে মার্শাল আর্ট শিবিরের ঘোষণা সিপিএমের
মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে প্রচারে বলা হয়েছে, “এই শনিবার হতে চলেছে এক অনন্য সন্ধ্যা, যেখানে সৌন্দর্য, উষ্ণতা এবং মানবিকতা মিলবে এক ছাতার তলায়।” অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে SonyLIV-এ, এবং আন্তর্জাতিক দর্শকদের জন্য থাকছে www.watchmissworld.com-এ pay-per-view সুবিধা। GMT অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে দুপুর ১টা থেকে, অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সূচনা হয়েছিল ১৯৫১ সালে ইংল্যান্ডে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে এই ইভেন্ট বিশ্ববাজারে হয়ে উঠেছে অন্যতম জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা। হায়দরাবাদে এবারের আসরে অংশগ্রহণ করছেন ১০৮টি দেশের প্রতিনিধিরা। তাদের মধ্য থেকে বাছাই করে একজনের মাথায় পরানো হবে ঐতিহাসিক মুকুট, যা এবার হস্তান্তর করবেন বর্তমান বিজয়িনী ক্রিস্টিনা পিসজকোভা (Krystyna Pyszkova)।
ভারতীয় দর্শকদের আবেগ এই মুহূর্তে তুঙ্গে। কারণ ঘরের মাটিতে প্রতিযোগিতা মানেই জয়ের আশা আরও উজ্জ্বল। নন্দিনীর প্রতি ভরসা রাখছে গোটা দেশ। এখন দেখার, এই শনিবার সন্ধ্যায় ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেন কিনা এই তরুণী।
