রাজনীতি
শারীরিক অবস্থার উন্নতি, দিল্লির বাসভবনে ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ অসুস্থতার পর অবশেষে কিছুটা স্বস্তি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার রাতেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) থেকে ছাড়া পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত দিল্লিতেই নিজের বাসভবনে বিশ্রামে থাকবেন তিনি।
একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন বিজেপি সাংসদ। প্যানক্রিয়াসের সমস্যা, গ্যাস্ট্রোইনটেস্টিনাল জটিলতা এবং ডায়াবেটিস—এই ত্রিমুখী সমস্যার কারণেই প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎবাবুকে। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্থানান্তরিত করা হয় দিল্লির এইমসে।
আরও পড়ুনঃ বামনেতার চরিত্রে তৃণমূলের কণ্ঠস্বর! ‘কর্পূর’-এ নিজের অভিনয় জীবন শুরু করলেন কুণাল ঘোষ
সেখানে বেশ কিছুদিন ICU-তে রেখে পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। চিকিৎসকরা তাঁর শরীরে জমে থাকা তরল পদার্থ বার করে দেওয়ার পর থেকেই অবস্থার উন্নতি হতে থাকে। এরপরই তাঁকে জেনারেল ওয়ার্ডে সরিয়ে নিয়ে আসেন চিকিৎসকরা।
সূত্রের খবর, সাংসদের চিকিৎসা প্রক্রিয়া ও খোঁজখবর নিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা (J.P. Nadda), কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) এবং লোকসভার বিভিন্ন আধিকারিকরাও নিয়মিত যোগাযোগ রাখছিলেন AIIMS কর্তৃপক্ষের সঙ্গে। এছাড়াও দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ।
দল ও সংসদের তরফে এত মনোযোগ ও সহানুভূতিতে কৃতজ্ঞ অভিজিৎবাবু বলেই জানিয়েছেন পরিবার সূত্র। আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন সহকর্মী ও দলীয় সমর্থকরা।
