দেশের খবর
ভারতীয় গবেষকের বহিষ্কার স্থগিত, আমেরিকায় বিতর্ক
ডিজিটাল ডেস্কঃ ভার্জিনিয়ার একটি আদালত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রচেষ্টাকে বাধা দিয়েছে, যেখানে ভারতীয় গবেষক বদর খান সুরিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। অভিযোগ ছিল যে, সুরির হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে। বিচারক প্যাট্রিসিয়া টলিভার গিলেস স্পষ্ট করে দিয়েছেন যে, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সুরিকে আমেরিকা থেকে সরানো যাবে না।
বদর খান সুরি বর্তমানে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় অবস্থান করছেন এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরেট ফেলো হিসেবে কাজ করছেন। তাঁর স্ত্রী মাফেইজ সালেহ একজন আমেরিকান নাগরিক, যদিও তাঁর জন্ম গাজ়ায়।
আরও পড়ুনঃ বিতর্কে তথ্যপ্রযুক্তি আইন! ইলন মাস্কের ‘এক্স’ কেন্দ্রের বিরুদ্ধে আদালতের পথে
গত সোমবার হামাসপন্থী এবং ইহুদি বিদ্বেষী বার্তা প্রচারের অভিযোগে সুরিকে আটক করা হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক্স হ্যান্ডলে জানান, সুরি সোশ্যাল মিডিয়ায় হামাসপন্থী ও ইহুদি বিদ্বেষী বার্তা ছড়াচ্ছিলেন। এছাড়াও, তাঁর সঙ্গে হামাসের পরামর্শদাতা এবং সন্দেহভাজন এক জঙ্গির ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।
তবে আদালতে সুরির আইনজীবী সকল অভিযোগ খারিজ করে দিয়েছেন এবং দাবি করেছেন যে, সুরিকে তাঁর স্ত্রীর জন্ম পরিচয়ের কারণে টার্গেট করা হচ্ছে। সুরির স্ত্রী সালেহ আদালতে স্বামীর মুক্তির জন্য আবেদন করেন এবং বলেন যে তাদের তিন সন্তান রয়েছে, যারা খুবই ছোট এবং বাবাকে না পেয়ে কান্নাকাটি করছে। আদালত সমস্ত বিষয় বিবেচনা করে জানিয়েছে যে, কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সুরিকে আমেরিকা থেকে সরানো যাবে না।
