হেলিকপ্টার বিপর্যয় কেদারনাথে, পাইলট-সহ মৃত্যু ৭ জনের
Connect with us

দুর্ঘটনা

হেলিকপ্টার বিপর্যয় কেদারনাথে, পাইলট-সহ মৃত্যু ৭ জনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে উত্তরাখণ্ডের শ্রী কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট-সহ মোট সাত জনের। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৫টা ২০ মিনিট নাগাদ গৌরীকুণ্ড (Gaurikund) সংলগ্ন এলাকায় আচমকাই ভেঙে পড়ে ওই হেলিকপ্টারটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) দল।

দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার (Nandan Singh Rajwar) জানিয়েছেন, ঘটনাস্থলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। খারাপ আবহাওয়ার জেরেই গৌরীকুণ্ডের জঙ্গলের উপরে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক অনুমান। গাড়োয়াল রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল রাজীব স্বরূপ (Rajeev Swaroop) জানিয়েছেন, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুনঃ সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা দিদি শ্বেতার

সূত্রের খবর, আরিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড (Aryan Aviation Pvt Ltd)-এর হেলিকপ্টারটি কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরীকুণ্ড ও ত্রিযুগীনারায়ণ (Triyuginarayan) মাঝামাঝি এলাকায় ভেঙে পড়ে এবং মুহূর্তেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

Advertisement
ads

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় মৃত সাত জনের মধ্যে পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান (Captain Rajbir Singh Chauhan)-এর পাশাপাশি যাত্রীরা ছিলেন— রাজকুমার সুরেশ জয়সওয়াল (Rajkumar Suresh Jaiswal) (৪১), শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (Shraddha Rajkumar Jaiswal) (৩৫), ছোট্ট শিশু কাশী (Kashi) (২৩ মাস), মহারাষ্ট্রের বাসিন্দা বিক্রম (Vikram) (৪৬), বিজনোরের (Bijnor) বাসিন্দা বিনোদ দেব (Vinod Dev) (৬৬) এবং তুষ্টি সিং (Tushti Singh) (২৯)।

রুদ্রপ্রয়াগ (Rudraprayag)-এর হেলিকপ্টার পরিষেবার নোডাল অফিসার তথা জেলা পর্যটন আধিকারিক রাহুল চৌবে (Rahul Chaubey) জানিয়েছেন, “সকালে হঠাৎই ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তল্লাশি শুরু করা হয়। জানা গিয়েছে, কেদারনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টারটি আচমকা খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায়। পাইলট শেষ মুহূর্তে হেলিকপ্টারটি নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “গৌরীকুণ্ডের জঙ্গলের কাছে ধোঁয়া দেখতে পেয়ে আমরা বুঝতে পারি সেটি নিখোঁজ হেলিকপ্টারটিই। এর আগেও চারধাম (Char Dham) রুটে ৪০ দিনের মধ্যে আরও চারটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা সেই তালিকায় পঞ্চম।”

বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, হেলিকপ্টারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমান পরিবহণ দপ্তরের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছাবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement