বাংলাদেশ
হাসিনার পতনের দিন সরকারি ছুটি ঘোষণা, ইউনূস সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক বিতর্ক
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে এবার পালিত হবে ‘হাসিনার পতন দিবস’। তবে পর্দার আড়ালে এই উদযাপনের নেপথ্যে উঠে আসছে এক প্রশ্ন—এই সবকিছু কি ইউনূসের (Yunus) সুচিন্তিত পরিকল্পনা? দেশের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের মঞ্চ কি ইউনূসই সাজিয়ে রেখেছিলেন?
২০২৪ সালের ৫ অগস্ট, যখন ছাত্র-জনতার ভয়াল গণ-আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দিনটিকেই এবার ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করল বর্তমান ইউনূস সরকার (Yunus Government)। তবে এই ঘোষণার রাজনৈতিক ইঙ্গিত ক্রমশই স্পষ্ট হচ্ছে।
ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৃহস্পতিবার ইউনূস সরকারের অন্তর্বর্তী সংস্কৃতি উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি (Mostofa Sarwar Farooki) বলেন, আগামী ১ জুলাই থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে বিশেষ কর্মসূচি শুরু হবে এবং চলবে ৫ অগস্ট পর্যন্ত। ১৪ জুলাই থেকে শুরু হবে মূল উদযাপন। ঘোষণা করলেন, ৫ অগস্ট দিনটি ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে চিহ্নিত হবে এবং সে দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।
আরও পড়ুনঃ গ্রুপ সি-ডি ভাতা বিতর্কে হাইকোর্টের কড়া অবস্থান, বন্ধ নির্দেশ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
কিন্তু রাজনৈতিক মহলের মতে, ইউনূস (Yunus) ইচ্ছাকৃতভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে গণ-আন্দোলনের স্রোতকে প্রশ্রয় দিয়েছিলেন। দেশ ছাড়ার পর হাসিনার বাসভবনে লুটপাটের ঘটনা, জনতার উন্মত্ততা—সবকিছুতেই ছিল এক ধরনের নীরব সহানুভূতি। অভিযোগ উঠছে, ইউনূস পরিকল্পনা করেই এই পরিস্থিতিকে ব্যবহার করেছেন। শেখ হাসিনার শাড়ি-ব্লাউজ থেকে হাঁস-মুরগি পর্যন্ত লুট হওয়ার ঘটনাকে নতুন সরকারের পক্ষ থেকে কখনও নিন্দা করা হয়নি। বরং সেই দিনটিকে আজ উৎসবের দিন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা থেকেই যেন স্পষ্ট, শেখ হাসিনার অপমান ও পতনকেই ইউনূস সরকার প্রতিষ্ঠিত করতে চাইছে।
বস্তুত, অনেকেই বলছেন, এই কর্মসূচির পেছনে ইউনূসের একটাই উদ্দেশ্য—নিজেকে নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে তুলে ধরা এবং শেখ হাসিনার সম্পূর্ণ রাজনৈতিক ছায়াকে মুছে ফেলা। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন—দেশ কি তবে এক স্বেচ্ছাচারী শাসকের হাত থেকে আরেক ক্ষমতালোভীর হাতে চলে গেল?
৫ অগস্টকে ‘উদযাপন’ করার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ক্ষমতা কুক্ষিগত করার চাতুর্য হিসেবে। শেখ হাসিনার পতনের দিনে ছুটি ঘোষণা করে ইউনূস সরকার হয়তো দেশবাসীর চোখে নতুন নেতা হতে চাইছেন, কিন্তু ইতিহাস কি তাঁকে নায়ক নাকি ভিলেন হিসেবে মনে রাখবে, সেই উত্তর সময়ই দেবে।
