ডিজিটাল ডেস্কঃ গুজরাতের জামনগরে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল গোটা এলাকা। একটি কুয়ো থেকে এক মহিলাসহ তাঁর চার সন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সন্তানদের নিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।
শনিবার সকালে জামনগরের একটি গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত মহিলার নাম ভানুবেন জীবাভাই তোরিয়া। তাঁর চার সন্তান— আয়ুষ, অজু, আনন্দী এবং হৃত্বিক— যাদের বয়স ছিল মাত্র ৩ থেকে ১০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কুয়োর জলে পাঁচটি দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয় এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা পাঁচ জনকেই মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ কানাডায় কুপিয়ে খুন ভারতীয় যুবককে, সন্দেহভাজন গ্রেফতার, তদন্তে পুলিশ
এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি, কী কারণে ওই মহিলা এমন ভয়ানক সিদ্ধান্ত নিলেন। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পরিবারের আর্থিক পরিস্থিতি, পারিবারিক কলহ কিংবা মানসিক অবসাদের কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য, প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে কথা বলে ঘটনার পেছনে থাকা সম্ভাব্য কারণ জানার চেষ্টা চলছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামনগর পুলিশ। কুয়ো থেকে উদ্ধার হওয়া দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও পরিষ্কার হবে।