বিশ্বের খবর
লন্ডনের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকান্ড! সারাদিনের জন্য বন্ধ বিমানবন্দর
নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকান্ড লন্ডনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। যার জেরে সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হল হিথরো বিমানবন্দর। জানা গিয়েছে, এদিন শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরববারহ কেন্দ্রে আগুন ধরে যায়। স্কটিশ অ্যান্ড সাদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কের মাধ্যমের মধ্য এবং দক্ষিণ লন্ডনের বিরাট অংশে বিদ্যুৎ সরবারহ করা হয়।
দমকল সূত্রে খবর, শুক্রবার ভোরে ওই সংস্থার একটি সাবস্টেশনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পাঠানো হয়। তৎক্ষণাৎ ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ শুরু করেন। দুর্ঘটনায় অন্তত ১৫০ জন মানুষকে আগুনের গ্রাস থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন – টেসলা গাড়িতে হামলা, অভিযুক্তদের ২০ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের
আগুন লাগার ফলে অন্তত ১৬ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিপর্যস্ত হয়ে রয়েছে হিথরো বিমানবন্দরও। বিদ্যুতের অভাবে বিমানবন্দর পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে শুক্রবার মাঝরাত পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে হিথরো বিমানবন্দর। এদিন বাতিল হয়েছে অন্তত ১৩৫১টি বিমান। আগুন লাগার জেরে একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও।
উল্লেখ্য, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর গুলির মধ্যে অন্যতম বিমানবন্দর হল হিথরো বিমানবন্দর। সেখানে হাজার হাজার মানুষের প্রতিদিন যাতায়াত। স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন উঠছে যে, এত বড় বিমানবন্দরে কি করে একটা অগ্নিকাণ্ডের জন্য বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ পরিষেবা? এদিকে আগুন লাগার ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত শহর।
