ডিজিটাল ডেস্কঃ আগামী ১৯ জুন (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশনের তরফে শনিবার এই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। রাজ্যের পাশাপাশি একইদিনে গুজরাট, কেরল ও পাঞ্জাবের একাধিক কেন্দ্রে ভোট হবে। ফলাফল প্রকাশিত হবে ২৩ জুন।
প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি প্রয়াত হন কালীগঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (Nasiruddin Ahmed)। স্থানীয়দের কাছে ‘লাল দা’ নামে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই নেতা। তাঁর মৃত্যুর পর থেকেই শূন্য ছিল কালীগঞ্জ কেন্দ্র। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও বিধানসভা আসন শূন্য হলে ছয় মাসের মধ্যে সেখানে ভোট করানো বাধ্যতামূলক। সেই প্রেক্ষিতেই ঘোষিত হল উপনির্বাচনের তারিখ।
আরও পড়ুনঃ জঙ্গি হামলার পর আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন শশী থারুর
কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ২৭ মে থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ জুন। স্ক্রুটিনি হবে ৪ জুন এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ জুন।
উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবার তৃণমূলের প্রার্থী হিসেবে কালীগঞ্জে ভোটে দাঁড়ান নাসিরুদ্দিন আহমেদ। সেবার জয়লাভ করেন তিনি। তবে ২০১৬-র নির্বাচনে হেরে যান। পরে ২০২১ সালের নির্বাচনে ফের তাঁর উপর ভরসা রাখে তৃণমূল, এবং সেইবার তিনি বিপুল ভোটে জয়ী হন। মৃত্যুর আগ পর্যন্ত এই আসনের বিধায়ক ছিলেন তিনি।
এই উপনির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের শাসক ও বিরোধী—উভয় পক্ষই। কারণ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এটি হতে চলেছে রাজ্যের প্রথম বিধানসভা উপনির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফল রাজনৈতিক বার্তা বহন করবে বলেই মনে করা হচ্ছে।
একই দিনে গুজরাটের কাঁদি (Khambhaliya), ভিসাভাদার (Visavadar), কেরলের নীলাম্বর (Nilambur) এবং পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম (Ludhiana West) আসনেও উপনির্বাচন হবে।