দুর্ঘটনা
দক্ষিণ ফ্রান্সে বিধ্বংসী আগুন, ১২ হাজার হেক্টর জঙ্গলে ছড়াল তাণ্ডব
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ফ্রান্সের ‘অড’ (Aude) অঞ্চলে ভয়াবহ দাবানলে (wildfire) বিপর্যস্ত একাধিক গ্রাম ও বসতি। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া আগুনে এখন পর্যন্ত প্রায় ১২,০০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, একজন বৃদ্ধা আগুনে পুড়ে নিজের বাড়িতে মারা গেছেন, এবং অন্তত নয়জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আগুন নেভাতে প্রায় ১,৮০০ দমকলকর্মী রাত্রিদিন কাজ করছেন। তীব্র গরম, শুষ্ক বাতাস এবং গাছপালায় ঠাসা এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। প্রশাসনিক আধিকারিক লুসি রোয়েশ (Lucie Roesch) জানিয়েছেন, “The fire is spreading in an area with high-risk conditions. It will be a long fight to fully control the blaze.”
আরও পড়ুনঃ গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে মোদি, জোরালো হচ্ছে কূটনৈতিক বার্তা
দাবানলে ২৫টিরও বেশি বাড়ি ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক গ্রাম থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আশপাশের রাস্তা, ক্যাম্পসাইট বন্ধ রাখা হয়েছে।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) পরিস্থিতিকে ‘জাতীয় সংকট’ আখ্যা দিয়ে বলেছেন, “All resources of the nation are mobilized to fight this disaster.” তিনি নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের দাবি, পূর্বে এলাকাজুড়ে থাকা আঙুর বাগানগুলি অপসারণ এবং কম বৃষ্টিপাত এই দাবানলকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। উল্লেখ্য, চলতি গ্রীষ্মে ফ্রান্সে ৯,০০০-রও বেশি ছোট-বড় আগুনের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার ঘটনাস্থলে যাচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু (François Bayrou)।
