দেশের খবর
মণিপুরে নতুন সরকার গঠনের দাবি, অমিত শাহের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক জল্পনা উস্কে দিলো
ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের মণিপুরে (Manipur) নতুন করে বিজেপি (BJP) নেতৃত্বাধীন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। রাজ্যের ৪৪ জন বিধায়ক একজোট হয়ে সরকার গঠনের দাবি জানিয়েছেন বলে জানা গেছে। তাঁদের এই দাবির কিছুক্ষণ পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বুধবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের ‘এক্স’ হ্যান্ডেল থেকে অমিত শাহ ও রাষ্ট্রপতির একাধিক ছবি প্রকাশিত হওয়ার পর রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। রাজনৈতিক মহলের মতে, মণিপুরে আটজন বিজেপি বিধায়কসহ কয়েকজন বিধায়ক সেখানে রাজ্যপাল অজয় ভাল্লার (Ajay Valla) কাছে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি পেশ করেছেন। তাঁদের দাবির পেছনে রয়েছে পর্যাপ্ত সংখ্যক বিধায়কের সমর্থন।
আরও পড়ুনঃ মোদীর ৫ সংকটের পাল্টা জবাব মমতার, বললেন— “সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী
২০২৩ সালের ৩ মে মণিপুরে মেতেই-কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত রয়েছে এই উত্তর-পূর্ব রাজ্য। লাগাতার হিংসার জেরে গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং (Biren Singh) পদত্যাগ করেন। এরপর থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে।
বীরেন সিং-এর পদত্যাগের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। এই অবস্থায় বিজেপি রাজ্যে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা শুরু করেছে। বিজেপির রাজ্য নেতা থোকস্যাম রাধেশ্যাম সিং (Thokchom Radhesyam Singh) দাবি করেন, “আমাদের ৪৪ জন বিধায়ক নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত। রাজ্যপালকে আমরা এ ব্যাপারে অবগত করেছি।”
তবে নতুন সরকার গঠন করার জন্য আগে মণিপুরে চলমান রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করতে হবে, যা কেন্দ্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
রাজ্যের দফায় দফায় সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার মাঝে এই নতুন সরকারের দাবি রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
