দুর্ঘটনা
দমকলের দেরি, লাগাতার বিস্ফোরণ, আতঙ্কে বারাসত – ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক গোডাউন ও বসতি
ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Massive Fire) কেঁপে উঠল বাংলা। শনিবার সন্ধ্যায় বারাসতের (Barasat) কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমোড়া এলাকায় এক ডায়পার সংরক্ষণ গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গোডাউন এবং বসতবাড়িতে। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও দমকল (Fire Brigade) দেরিতে পৌঁছয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রা দ্রুত দমকলে খবর দেন। কিন্তু দমকলের পৌঁছতে দেরি হওয়ায় আগুন আশেপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের ঘরবাড়িতেও আগুনের আঁচ পৌঁছে যায়। বাড়ির বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার প্রায় তিন ঘণ্টা কেটে গেলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন কাজ করছে। পরিস্থিতি আয়ত্তে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। দমকল সূত্রে (Fire Department Sources) প্রাথমিক অনুমান, গোডাউনের ভিতর থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত। পাশাপাশি, গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ভয়ংকর রূপ নেয়।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার দুই মাস পর বড় সাফল্য, লস্কর জঙ্গি গ্রেপ্তার করল NIA
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার অনেকক্ষণ পর দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তাদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নিলে হয়তো আগুন এই মাত্রায় ছড়াত না। ক্ষুব্ধ জনতা দমকলের একটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে (Police Sources) জানা গিয়েছে, আগুন লাগার স্থানটিতে একাধিক গোডাউন রয়েছে। কমপক্ষে ৮-১০টি গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। তিনি জানান, আশেপাশের এলাকা থেকে জল সংগ্রহ করে দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই কলকাতার খিদিরপুর (Khidirpur) বাজারে ভয়াবহ আগুন লেগেছিল। সেখানেও দমকলের বিরুদ্ধে দেরিতে পৌঁছনোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন।
এই ধরণের পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের দ্রুত প্রতিক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।
