আবহাওয়া
উত্তর ভারতের প্রাকৃতিক বিপর্যয়ে মৃত ৫০০-র ওপরে,ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে যাচ্ছেন মোদী
ডিজিটাল ডেস্কঃ উত্তর ভারতের একাধিক রাজ্যে টানা বৃষ্টিপাত ও পাহাড় ধসের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বর্ষণে নদী উপচে পড়েছে, ধসে পড়েছে পাহাড়ি অঞ্চল—জনজীবন কার্যত বিপর্যস্ত। সরকারি তথ্য অনুযায়ী, জুন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০০-রও বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
হিমাচল প্রদেশ (Himachal Pradesh), জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir), উত্তরাখণ্ড (Uttarakhand) ও পাঞ্জাব (Punjab)-এর অবস্থা সবচেয়ে শোচনীয়। বিশেষ করে হিমাচলে এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে ৯৫টি আকস্মিক বন্যা, ৪৫টি ক্লাউডবার্স্ট এবং ১৩২টি বড় পাহাড়ধস। প্রাণ গিয়েছে অন্তত ৩৫৫ জনের। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৩,৭৮৭ কোটি টাকা।
হিমাচলের ১,২০০-রও বেশি রাস্তা এখনো বন্ধ। বিচ্ছিন্ন মাণ্ডি, কুল্লু, শিমলা ও চাম্বার জেলার যোগাযোগ ব্যবস্থা। বন্ধ একাধিক জাতীয় সড়ক, ক্ষতিগ্রস্ত কালকা-শিমলা রেলপথও।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি, সূত্রের খবর অনুযায়ী, তিনি স্বচক্ষে পরিস্থিতি পরিদর্শন ও কেন্দ্রীয় ত্রাণ কাজ খতিয়ে দেখতে পারেন।
উত্তরাখণ্ড ইতিমধ্যেই কেন্দ্রের কাছে ৫,৭০২ কোটি টাকার বিশেষ সাহায্যের আবেদন জানিয়েছে। রাজ্যগুলির মতে, ক্ষতির পরিমাণ এতটাই ভয়াবহ যে কেন্দ্রীয় সহায়তা ছাড়া পুনর্গঠন সম্ভব নয়।
এই মুহূর্তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগেই ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, তবে রাজ্য প্রশাসনের দাবি, দ্রুত কেন্দ্রীয় তহবিল ছাড়া স্বাভাবিক অবস্থায় ফেরা অসম্ভব।


