দেশের খবর
‘৪০০ কেজি আরডিএক্স, ৩৪ মানববোমা’! নয়ডা থেকে ধৃত, বিসর্জনের আগে আতঙ্কে মুম্বই
ডিজিটাল ডেস্কঃ গণেশ বিসর্জনের আগে মুম্বইজুড়ে ছড়িয়েছে বোমা হুমকির তীব্র আতঙ্ক। ৪০০ কেজি আরডিএক্স (RDX) এবং ৩৪ জন মানববোমা (Human Bomb) নিয়ে শহরে হামলার পরিকল্পনার কথা জানিয়ে মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপে আসে এক চাঞ্চল্যকর বার্তা। দাবি করা হয়, শহরের বিভিন্ন প্রান্তে ৩৪টি গাড়িতে বিস্ফোরকসহ মানববোমা মোতায়েন করা হয়েছে।
এই মেসেজে বলা হয়, একযোগে বিস্ফোরণ ঘটিয়ে শহর ধ্বংস করে দেওয়া হবে এবং অন্তত এক কোটিরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হয়। হুমকির পরই মুম্বইজুড়ে জারি হয় হাই অ্যালার্ট (High Alert)। নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা মহারাষ্ট্রে।
পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে উত্তরপ্রদেশের নয়ডা (Noida) থেকে গ্রেফতার করা হয়েছে অশ্বিন কুমার সুপ্রা (Ashwin Kumar Supra) নামে এক ৫০ বছর বয়সী ব্যক্তিকে। তিনি বিহারের বাসিন্দা। নয়ডা থেকে মোবাইল ও সিমকার্ড কিনে ওই হুমকি পাঠান বলে দাবি পুলিশের।
তবে প্রাথমিক তদন্তে এটিকে ভুয়ো হুমকি (Hoax Threat) বলেই মনে করছে পুলিশ। অতীতে এমন একাধিক মেসেজ ট্রাফিক হেল্পলাইনে এসেছে। কিন্তু আজ, শনিবার অনন্ত চতুর্দশী (Anant Chaturdashi) উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হওয়ার কথা থাকায় বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন।
ঘটনার তদন্তে কাজ করছে মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখা (Anti-Terrorism Squad)। ধৃতকে মুম্বই এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে।


