মালদা
আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিডিও-র
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ঘরের টাকা থেকে প্রথম কিস্তির অর্ধেক টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ওই এলাকার বাসিন্দা দিপালী মন্ডল ও তাঁর ছেলে বাদল মন্ডল প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের জন্যে আবেদন জানিয়েছিলেন। সেই মর্মে ঘর তৈরীর জন্যে প্রথম কিস্তির ৬০০০০ টাকাও ঢুকেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে সেই টাকা পেতে প্রথমে ১০ হাজার টাকা এবং পরবর্তীকালে টাকা তোলার পর আরও ১৫ হাজার টাকা সংশ্লিষ্ট বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডল রায়ের স্বামী পবিত্র রায় কে দিতে হয়েছিল বলে অভিযোগ। টাকা না দিলে পরবর্তীকালে বাকি কিস্তির টাকা পাওয়া যাবে না বলেও দিপালী মন্ডলকে জানিয়েছিলেন পবিত্র রায়। অন্যদিকে দিপালী মন্ডলের ছেলে বাদল মন্ডল কেও তার স্ত্রীর নামে ঘর পাইয়ে দেওয়া হবে বলে পবিত্র রায় অগ্রিম ৫০০০ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। তবে বছর ঘুরে গেলেও এখনও পর্যন্ত বাদল বাবুর স্ত্রীর নামে ঘর তৈরীর জন্যে পঞ্চায়েতে কোন টাকা ঢোকেনি। অবশেষে ঘটনার পরিপ্রেক্ষিতে দীপালি মন্ডল ও বাদল মন্ডল হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক বিডিওর দ্বারস্থ হয়ে পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডল রায় ও তাঁর স্বামী পবিত্র রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও অনির্বাণ বসু।
