১৬ বছরের কিশোরীকে ধর্ষণ, অপরাধীদের কড়া শাস্তি ঘোষণা আদালতের
Connect with us

মালদা

১৬ বছরের কিশোরীকে ধর্ষণ, অপরাধীদের কড়া শাস্তি ঘোষণা আদালতের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একটি মর্মান্তিক ঘটনার প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে মিলল বিচার। ২০২১ সালের এক রাতে শৌচকর্ম করতে ঘরের বাইরে বেরিয়েছিলেন তিনি। সেখান থেকে মুখ বেঁধে ভুট্টা খেতে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালায় দুই প্রতিবেশী যুবক। প্রায় সাড়ে তিন বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে শুক্রবার দুই অপরাধীকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন মালদা এডিজে দ্বিতীয় কোর্টের বিচারক রাজীব সাহা।

পরিবার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ ডিসেম্বর কালিয়াচকের একটি প্রত্যন্ত গ্রামে ১৬ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। ওই নাবালিকার বাবা কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে জানান, ঘটনার রাতে তার মেয়ে শৌচকর্ম করতে বাইরে গেলে দুই প্রতিবেশী যুবক তাকে জোর করে ভুট্টা খেতে তুলে নিয়ে যায়। সেখানে মুখে কাপড় গুঁজে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়।

আরও পড়ুনঃ ভবিষ্যতের অনিশ্চয়তায় ১৫ দিনের সদ্যোজাতকে হত্যা করল মা

অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করায় এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ২০২২ সালের ৮ মার্চ এই মামলায় চার্জশিট পেশ করা হয়। আইনজীবী সার্থক দাস বলেন, “এই মামলায় মূলত সাতজন অভিযুক্ত ছিল, তবে শক্ত প্রমাণের ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পাবলিক প্রসিকিউটর অসিতবরণ বোসের তত্ত্বাবধানে ১১ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক রাজীব সাহা রায় দেন।” বিচারক দুই দোষীকে ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দেন। জরিমানা না দিলে অতিরিক্ত৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া, নির্যাতিতা কিশোরীকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে।

Advertisement
ads