ভাইরাল খবর
হুগলিতে মেট্রো ও বন্দে ভারত কোচ তৈরিতে গতি, টিটাগড়কে ৪০ একর জমি দিল রাজ্য সরকার
ডিজিটাল ডেস্কঃ মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরিতে এবার আরও গতি আনতে উদ্যোগী রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলি জেলার কোন্নগরে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (Titagarh Rail Systems Limited)-এর কারখানা সম্প্রসারণের জন্য ৪০ একর জমি লিজে দেওয়া হচ্ছে সংস্থাকে।
প্রশাসনিক সূত্রের খবর, জমিটি হুগলির কোত্রঙ ও ভদ্রকালী মৌজায় অবস্থিত এবং এটি টিআরএসএল-এর বর্তমান ৩৪ একরের কারখানার পাশেই পড়ে। ১২৬ কোটি টাকা মূল্যে, ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হচ্ছে এই জমি। এর ফলে টিটাগড় কারখানায় রেল কোচ তৈরির পরিকাঠামো আরও দৃঢ় হবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিহারে বাদ যেতে পারে ৩৫ লক্ষ ভোটার, দেশজুড়ে সমীক্ষার পরিকল্পনায় নির্বাচন কমিশন
সরকারি আধিকারিকদের মতে, জমি হস্তান্তরের ফলে শুধুমাত্র কোচ উৎপাদনে গতি আসবে না, পাশাপাশি রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান (employment opportunities)-এর নতুন দিকও খুলে যাবে। মেট্রো প্রকল্প ও বন্দে ভারত ট্রেনের দ্রুত সম্প্রসারণে এই কারখানার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, সম্প্রতি টিটাগড় ওয়াগন কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে জমি বরাদ্দের আবেদন জানিয়েছিল। সেই অনুরোধ বিবেচনা করেই সরকার জমি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে শিল্প পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সক্রিয় পদক্ষেপের আরেকটি উদাহরণ হয়ে উঠল এই প্রকল্প।
