খুন
পরিবারের মধ্যেই রক্তার্ত ইদ! শ্যালকদের হাতে খুন জামাইবাবু
ডিজিটাল ডেস্কঃ ঈদের আনন্দ পরিণত হল শোকের ঘটনায়। হুগলির চক বাঁশবেড়িয়ার চুরি মহল্লায় শ্যালকদের হাতে জামাইবাবু খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আক্রম হোসেন ওরফে বিট্টু।
সূত্রের খবর, ইদ উপলক্ষে দুই শ্যালক রোহিত ও গুড্ডু মণ্ডল বিট্টুর বাড়িতে আসেন। একসঙ্গে খাওয়া-দাওয়া চলছিল, কিন্তু হঠাৎ করেই কোনো বিষয় নিয়ে বচসা বাধে। অভিযোগ, সেই সময় রোহিত ও গুড্ডু আচমকা ছুরি নিয়ে বিট্টুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি কোপাতে থাকে।
আরও পড়ুনঃ নদী থেকে উদ্ধার কার্তুজ, শোরগোল ইসলামপুরে
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রম। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় পরিবার। মৃতের দাদা আনোয়ার হোসেন জানান, “আমি তখন বাড়িতে ছিলাম না। কী কারণে ভাইকে খুন করা হল, তা জানি না।”
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে— এটা তাৎক্ষণিক উত্তেজনার ফল, নাকি পুরনো শত্রুতার জের?
