কলকাতা
বড়বাজারের অগ্নিকাণ্ডের জেরে শহরে বন্ধ হচ্ছে সব রুফটপ রেস্তরাঁ, ঘোষণা মেয়রের
ডিজিটাল ডেস্কঃ বড়বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। আপাতত শহরে নতুন করে কোনও রুফটপ রেস্তরাঁ খোলার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, যেসব রুফটপ রেস্তরাঁ বর্তমানে চালু রয়েছে, সেগুলিকেও সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, “এই মুহূর্তে ছাদের ব্যবহার সীমিত করা হয়েছে। রাজ্য সরকারের গঠিত কমিটি যতদিন না চূড়ান্ত রিপোর্ট দেয়, ততদিন সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধ থাকবে।” তিনি জানান, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অনুরোধ করা হয়েছে, যাতে শহরের সব রুফটপ রেস্তরাঁর তালিকা পৌর সংস্থাকে দেওয়া হয়। তারপর সেই রেস্তরাঁগুলিকে যথাযথ নোটিস পাঠানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বড়বাজারের একটি হোটেলে বিধ্বংসী আগুনে প্রাণ হারান ১৪ জন। মেছুয়া ফলপট্টির ওই হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে একাধিক গাফিলতির চিত্র সামনে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানান, হোটেলে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর ছিল না।
আরও পড়ুনঃ সল্টলেক সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণের পর আতঙ্কে
দমকল দফতরের তরফে জানানো হয়, হোটেলের ফায়ার লাইসেন্সের মেয়াদ তিন বছর আগেই শেষ হয়ে গিয়েছিল, যা আর নবীকরণ করা হয়নি। অগ্নিকাণ্ডের সময় অগ্নিনির্বাপক যন্ত্র ও ফায়ার অ্যালার্ম কোনওটাই কাজ করেনি বলেও অভিযোগ।
ঘটনার তদন্তে উঠে এসেছে, হোটেলের দোতলায় প্লাইউডের কাজ চলছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। ঘন ধোঁয়ার কারণে উপরের তলায় থাকা অতিথিদের অনেকেই নিচে নামতে পারেননি। প্রাণে বাঁচতে কেউ কেউ জানলা ভেঙে ঝাঁপ দেন বলেও জানা গিয়েছে।
এই প্রেক্ষিতেই কলকাতা পুরসভার তরফে শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হল। সিদ্ধান্ত কার্যকর থাকবে যতদিন না রাজ্য সরকারের কমিটি তাদের রিপোর্ট জমা দেয় এবং নতুন গাইডলাইন ঘোষণা করে।
