দুর্ঘটনা
ফের বিপাকে এয়ার ইন্ডিয়া! বোমার খবরে মাঝ আকাশ থেকে ঘুরে এল বিমান
ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে নতুন করে চাঞ্চল্য। এবার থাইল্যান্ড (Thailand) থেকে ভারতে আসার পথে মাঝ আকাশে বোমাতঙ্কে কেঁপে উঠল গোটা বিমান। শুক্রবার সকালে ঘটে এই ঘটনাটি। ফুকেট (Phuket) থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া AI 379 বিমানটিকে জরুরি পরিস্থিতিতে অবতরণ করাতে হয়।
স্থানীয় সূত্রের খবর, ফুকেট বিমানবন্দর থেকে ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ উড়েছিল এয়ার ইন্ডিয়ার ওই এয়ারবাস (Airbus)। বিমানটিতে ছিলেন মোট ১৫৬ জন যাত্রী। টেক অফের কিছুক্ষণ পরেই বিমানে বোমা থাকার সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পাইলটরা সাবধানতার সঙ্গে বিমানটিকে থাইল্যান্ড উপকূলবর্তী আকাশসীমা থেকে ঘুরিয়ে ফের ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
আরও পরুনঃ ইরানে ইজরায়েলের ভয়াবহ হামলা, নিহত শীর্ষ সেনা ও পরমাণু বিজ্ঞানীরা
ফুকেট বিমানবন্দর কর্তৃপক্ষের (Phuket Airport Authority) পক্ষ থেকে জানানো হয়েছে, অবতরণের সঙ্গে সঙ্গেই সমস্ত যাত্রীকে দ্রুত নামিয়ে আনা হয়। এরপর বিমানটি খুঁটিয়ে তল্লাশি চালানো হয় বম্ব স্কোয়াডের মাধ্যমে। তবে শেষপর্যন্ত বিমানে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানানো হয়েছে।
একদিন আগেই এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে, যেখানে ২৬৫ জনের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। অন্তর্ঘাতের তত্ত্ব পুরোপুরি খারিজ করা না গেলেও এখনই নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ তদন্তকারীরা। তার মধ্যেই ফের এমন বোমাতঙ্ক স্বভাবতই নতুন করে আতঙ্কের ছায়া ফেলেছে এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রীদের মধ্যে।
বিমানটিতে কীভাবে এমন আতঙ্ক ছড়াল, কিংবা কী সূত্রে বোমার কথা জানাজানি হল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও গোটা ঘটনায় যাত্রী ও বিমান কর্মীদের সতর্ক পদক্ষেপের জন্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
