ভাইরাল খবর
দিঘার রথযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, সকলের জন্য থাকবে রশি ধরার সুযোগ
ডিজিটাল ডেস্ক: এবারের দিঘার রথযাত্রা হতে চলেছে ঐতিহাসিক। কারণ প্রথমবার দিঘার জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথযাত্রায় ভক্তরা রথের রশি ধরার সুযোগ পাবেন। বৃহস্পতিবার নবান্নে এই রথযাত্রার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ভক্তরা যেন স্বতঃস্ফূর্তভাবে রথ টানার সুযোগ পান, তার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে।
দিঘার জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দু’পাশে আলাদা আলাদা ভাবে রশি থাকবে। ফলে কোনও ধাক্কাধাক্কি ছাড়াই ভক্তরা নিরাপদে রথের রশি স্পর্শ করতে পারবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি ২৬ জুন বিকেলে দিঘায় পৌঁছবেন। ২৭ জুন সকালে রথের সামনের পথ নিজে সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রথ টানার কাজ শুরু করবেন। এবারের রথযাত্রার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো দিঘায় ব্যাপক পুলিশি নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং পর্যটকদের জন্য সবরকম পরিষেবা থাকবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে এসে তৃণমূল নেতা, ভোটার তালিকা থেকে অবশেষে বাদ নিউটন দাস
প্রশাসনের অনুমান, দিঘার এই প্রথম রথযাত্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে এবং এই ভিড় উল্টো রথ পর্যন্ত অব্যাহত থাকবে। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই সেখানে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ হাজার দর্শনার্থীর ভিড় হচ্ছে।
তবে হোটেল ভাড়াবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ক্ষোভ প্রকাশ করেছেন। পর্যটন দফতর এবং পুলিশকে একসঙ্গে বসে এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দিঘার প্রায় সব হোটেল বুক হয়ে গেছে। তাই রাজ্য সরকার বেশ কিছু অস্থায়ী হাঙ্গার তৈরি করবে যাতে পর্যটকদের থাকতে অসুবিধা না হয়।
‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প, মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে প্রসাদ এবং জলসত্রের বিশেষ ব্যবস্থা থাকবে। রথযাত্রার সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকায় দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (SDRF) এর দল মোতায়েন থাকবে।
এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রীরা — অরূপ বিশ্বাস (Aroop Biswas), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), পুলক রায় (Pulak Roy), সুজিত বসু (Sujit Bose) এবং স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) বিশেষ দায়িত্বে থাকবেন।
দিঘার এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই চরম উত্তেজনা, এবং প্রশাসন চাইছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সমস্ত ভক্ত নির্বিঘ্নে অংশ নিতে পারেন।
