দুর্ঘটনা
আবার বিপাকে এয়ার ইন্ডিয়া!মাঝ আকাশ থেকে ফিরল মুম্বই-লন্ডনগামী বিমান
ডিজিটাল ডেস্কঃ দেশ ও বিদেশের আকাশসীমা যেন এখন আতঙ্কের নাম। বৃহস্পতিবার গুজরাতের আহমেদাবাদে (Ahmedabad) ঘটল দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে গেল আমদাবাদ-লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) ড্রিমলাইনার (Dreamliner)। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ২৬৫ জন। বিমানটিতে ছিলেন ভারতীয়, ব্রিটিশ, পর্তুগিজ ও কানাডীয় নাগরিকরা। বিমান ভেঙে পড়ে মেঘানিনগরের (Meghaninagar) বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া।
এদিকে, আকাশসীমার আরও বড় সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ইজরায়েল (Israel) আচমকা বিশাল মাপের সামরিক অভিযান চালিয়েছে ইরানে (Iran)। জানা গিয়েছে, ভোররাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ (Operation Rising Lion) নামে এই হামলা চালানো হয়। ইজরায়েলি বাহিনী ইরানের সামরিক ঘাঁটি, সরকারি দপ্তর ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে একের পর এক আঘাত হানে। ইরানের রেভলিউশনারি গার্ড (Revolutionary Guard) প্রধান হোসেইন সালামি (Hossein Salami)-র মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদমাধ্যম।
আরও পড়ুনঃ ‘সব শেষ ভেবেছিলাম’—জীবিত যাত্রীর ভয়াল অভিজ্ঞতা
ইজরায়েল ইতিমধ্যেই দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-র নেতৃত্বে ইজরায়েল ঘোষণা করেছে, ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইজিং লায়ন’ চলবে। পাল্টা হামলার আশঙ্কায় উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-ইজরায়েল সীমান্ত। উত্তর ও দক্ষিণ সীমান্তে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এদিকে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়েছে ভারতের আকাশসীমাতেও। পিটিআই সূত্রে খবর, ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করতে হচ্ছে বা ফিরে আসতে বাধ্য হচ্ছে।
বিশেষ করে বৃহস্পতিবার মুম্বই (Mumbai) থেকে লন্ডন (London)গামী AI131 ফ্লাইট আকাশে তিন ঘণ্টা থাকার পর অবতরণ করে ফের মুম্বই বিমানবন্দরে। ফ্লাইটরাডার২৪ (Flightradar24) জানিয়েছে, নিরাপত্তার কারণে দ্রুত ফ্লাইট ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানের পরিস্থিতির জন্য যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ফ্লাইট বাতিল, পুনর্নির্ধারণ বা ফেরতের ক্ষেত্রে যাত্রীদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে।”
অন্যদিকে, ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে তেল আবিবের (Tel Aviv) ভারতীয় দূতাবাস। স্থানীয় পরিস্থিতির উপর নজর রাখতে এবং অপ্রয়োজনীয়ভাবে ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক আকাশসীমায় তৈরি হয়েছে অচলাবস্থার আশঙ্কা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশসীমা কার্যত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে আন্তর্জাতিক এভিয়েশন সংস্থাগুলি।
