উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে AIIMS, IIT, IIM ও ক্যানসার হাসপাতাল! প্রথম সফরেই কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে উন্নয়নের নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে এসে একাধিক মেগা প্রকল্পের (Mega Project) ঘোষণা করেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই উত্তরবঙ্গে একটি AIIMS, একটি IIT, IIM এবং অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল (Cancer Hospital) গড়ে তোলা হবে। স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামো শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি প্রশাসনকে আরও জনমুখী করতে উত্তরবঙ্গের বিজেপি মন্ত্রীরা প্রতি সপ্তাহে ‘জনতা দরবার’ (Janata Darshan) কর্মসূচি করবেন বলেও ঘোষণা করেন।
উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বর্ষার আগে বন্যা, ধস ও নদীভাঙন মোকাবিলার প্রস্তুতির ওপর জোর দেন। একই সঙ্গে বেআইনি নির্মাণ, বালি-পাথর পাচার ও মাফিয়াদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি নেওয়ার নির্দেশ দেন প্রশাসনকে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল GTA (Gorkhaland Territorial Administration) নিয়ে তাঁর কড়া অবস্থান। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পূর্বতন সরকারের আমলে GTA-তে হওয়া দুর্নীতির সমস্ত ফাইল (GTA Files) নতুন করে খোলা হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালুর ইঙ্গিতও দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, প্রথম উত্তরবঙ্গ সফরেই উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বড় বার্তা দিল নতুন সরকার।


