খেলার খবর
পদপিষ্টে ১১ মৃত্যুর জেরে প্রশাসনিক রদবদল কর্নাটকে, বরখাস্ত সিএম-এর সচিব
ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর আরসিবি (RCB) সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে একাধিক প্রাণহানির ঘটনায় বড়সড় প্রশাসনিক রদবদল করল কর্নাটক সরকার। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। গুরুতর আহত বহু। ঘটনায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)-র রাজনৈতিক সচিব কে গোবিন্দরাজ (K. Govindaraj)–কে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সরানো হয়েছে রাজ্যের গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদে থাকা হেমন্ত নিম্বালকর (Hemant Nimbalkar)-কে। বেঙ্গালুরু পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিককেও ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
এই ঘটনার পর তদন্তের দাবি উঠতেই কর্নাটক সরকার গঠন করেছে বিচার বিভাগীয় কমিশন। দায়িত্ব দেওয়া হয়েছে কর্নাটক হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল ডি’কুনহা (Justice John Michael D’Cunha)-কে। তাঁর নেতৃত্বেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে কর্নাটক হাই কোর্ট।
আরও পড়ুনঃ মিড ডে মিল নিয়ে বড় ফাঁস! কেন্দ্রের নজরে রাজ্য, বিজেপি-তৃণমূল সংঘাত তুঙ্গে
এই দুর্ঘটনার দায় চাপাতে এখন শুরু হয়েছে কোর্ট-কাছারি। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) নিজেদের নির্দোষ প্রমাণ করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, আয়োজক ছিল আরসিবি ও পুলিশের হাতেই ছিল ভিড় সামলানোর দায়িত্ব। অ্যাসোসিয়েশনের কোনও ভূমিকা ছিল না। তবে পুলিশ জানিয়েছে, আরসিবির মার্কেটিং অ্যান্ড রেভেনিউ হেড নিখিল সোসাল (Nikhil Sosale)-কে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের তিন কর্মী— কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউ (Sunil Mathew)-কেও গ্রেফতার করা হয়েছে শুক্রবার।
অন্যদিকে, কেএসসিএ-র সচিব এবং কোষাধ্যক্ষ ঘটনার পর থেকেই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুই কর্তার বাড়িতেও অভিযান চালানো হয়, কিন্তু তাঁদের সন্ধান মেলেনি। এদিকে, পদপিষ্টে আহত এক ব্যক্তি ইতিমধ্যেই FIR দায়ের করেছেন। তাঁর অভিযোগে পুলিশ না থাকলেও আরসিবি, সম্প্রচারকারী সংস্থা ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনেছেন তিনি।
উল্লেখ্য, বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) বাইরে আরসিবির জয়ের আনন্দে ভিড় এতটাই বেড়ে যায় যে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রীর দাবি, আহতের সংখ্যা ৩৭ হলেও বিভিন্ন সূত্র বলছে, আহত অন্তত ৪৭ জন। ঘটনায় স্তব্ধ গোটা দেশ— বিশেষ করে ক্রিকেটপ্রেমীরা।
