ভাইরাল খবর
জ্বালানি বাঁচাতে অভিনব উদ্যোগ! বাসে চড়ে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে পুরুলিয়ার আমলারা
ডিজিটাল ডেস্কঃ জ্বালানি (Fuel) সাশ্রয়ের বার্তা মেনে এবার বাসে চড়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র প্রশাসনিক বৈঠককে ঘিরে এই উদ্যোগ নজর কেড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশবাসীর কাছে জ্বালানি বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন। সেইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব সরকারি গাড়ির ব্যবহার কমানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোণ্ঠম, অতিরিক্ত জেলাশাসক, এসডিও (SDO), বিডিও (BDO) ও অন্যান্য আধিকারিকরা দুটি বাসে করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশের আধিকারিকরাও কম সংখ্যক গাড়ি ব্যবহার করেন।
জেলাশাসক জানান, “জ্বালানি সাশ্রয় এবং সরকারি নির্দেশ পালন করতেই এই উদ্যোগ। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া লক্ষ্য।”
দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত বৈঠকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা অংশ নেবেন। প্রশাসনিক খরচ কমানো, জ্বালানি সাশ্রয় এবং আগামী আর্থিক বছরের অ্যাকশন প্ল্যান (Action Plan) নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে।


