ভাইরাল খবর
কলকাতা মেট্রোয় নিষিদ্ধ জিনিসের দীর্ঘ তালিকা! ভুলবশত নিলেই পড়তে পারেন বিপাকে
ডিজিটাল ডেস্কঃ তিলোত্তমার লাইফলাইন এখন কলকাতা মেট্রো (Kolkata Metro)। দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী-সবারই ভরসা এই পাতাল রেল। তবে অনেক যাত্রীই জানেন না, মেট্রোয় ঠিক কী কী জিনিস বহন করা যায় আর কোনগুলো সম্পূর্ণ নিষিদ্ধ (Prohibited Items)। এই অজ্ঞতার কারণে প্রতিদিন স্টেশনে আরপিএফ (RPF) কর্মীদের সঙ্গে যাত্রীদের বচসা লেগেই থাকে। এই সমস্যা দূর করতে এবার নিষিদ্ধ জিনিসের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর নির্দেশিকা অনুযায়ী, রাজমিস্ত্রি বা অন্যান্য শ্রমিকরা তাঁদের কাজের সরঞ্জাম যেমন—ছেনি, হাতুড়ি (Hammer), শাবল, কুঠার বা স্ক্রু-ড্রাইভার ব্যাগে করে নিয়ে যাতায়াত করতে পারবেন না। এছাড়া ধারালো অস্ত্রের মধ্যে তরবারি, মাংস কাটার বড় ছুরি কিংবা ৪ সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি বা কাঁচি (Scissors) বহন করা দণ্ডনীয় অপরাধ।
অনেকেই শখ করে চারাগাছ (Plants) বা বাজার থেকে সিল না করা কাঁচা মাছ-মাংস নিয়ে মেট্রোয় ওঠেন, যা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া মদ্যপায়ী বা শৌখিন যাত্রীদের জন্য জানানো হয়েছে যে, মদ (Alcohol), স্পিরিট, পেট্রোল বা অন্য কোনো দাহ্য তরল (Flammable Liquid) নিয়ে ট্রেনে চড়া যাবে না। বিপজ্জনক রাসায়নিক, তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড এবং বিস্ফোরক যেমন—গান পাউডার বা আতশবাজিও তালিকায় রয়েছে। এমনকি ধর্মীয় বা অন্য কারণে মানবভস্ম (Human Ashes), কঙ্কাল বা মরা পশুর দেহাবশেষ বহন করাও বেআইনি।
মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই নিরাপত্তা বিধি (Safety Rules) অমান্য করলে অপরাধীকে ৫০০ টাকা জরিমানা এবং সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত কারাদণ্ড (Imprisonment) ভোগ করতে হতে পারে। তাই অযথা ঝামেলা এড়াতে স্টেশনে আসার আগেই নিষিদ্ধ সামগ্রীর তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


