দক্ষিণ দিনাজপুর
২ মে দিদির বিদায় নিশ্চিতঃ দক্ষিণ দিনাজপুরে এসে বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, ১৭ এপ্রিল: পঞ্চম দফার ভোটের দিন রাজ্যে এসে ফের তৃণমূলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাপ্পা ভোট বন্ধ হওয়ায় দিদি ক্ষিপ্ত৷ ভাইপোর জন্য বাংলাকে বাজি রেখেছেন দিদি। পেশি শক্তি আর সন্ত্রাস এখন দিদির দলের আদর্শ নীতি। এখানে মা বোনেদের কোনো নিরাপত্তা নেই৷ আমরা মুসলিম মা বোনেদের কথা চিন্তা করে তিন তালাক বিরোধী বিল এনে আইন বানিয়েছি৷ তাই মুসলিম দিদি ও বোনেরা এখন চুপচাপ পদ্ম ফুলের বোতাম টিপছেন। এখন এরাজ্যেরও মুসলিম দিদি বোনেদের মধ্যে এই ট্যাডিশন দেখতে পাচ্ছি৷ এই ভালবাসা দেখে আমি অভিভূত৷ প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার এলে দ্রুত গতিতে উন্নয়নের কাজ হবে৷ কৃষি উন্নয়নে হিমঘর তৈরি সহ কৃষক সম্মাননিধি চালু করা হবে। মন্ত্রীসভা গঠন হলেই ১৮ হাজার টাকা করে কৃষকদের একাউন্টে ঢুকে যাবে যা দিদি এতদিন ধরে আটকে রেখেছেন। বিজেপি সরকার যেমন শরণার্থীদের পাশে থাকবে তেমনই অনুপ্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাংলাদেশ লাগোয়া দক্ষিণ দিনাজপুরে এসে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জেলার সীমান্ত দিয়ে বানিজ্য করিডর তৈরি করতে জাতীয় ও আন্তর্জাতিকস্তরে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।
