দেশ
টিকার যোগান বাড়াতে রুশ ভ্যাকসিনকে অনুমোদন দিল কেন্দ্র
নিউজ ডেস্ক, ১২ এপ্রিল : সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন- এর পর ভারতের বাজারে আসতে চলেছে নতুন করোনা টিকা। করোনা টিকার জোগান বাড়াতে রুশ ভ্যাকসিন স্পুটনিক-৫ ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র।
জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দেশের বিশেষজ্ঞ প্যানেল Drugs Controller General of India (DCGI) ছাড়পত্র দিল রাশিয়ার স্পুটনিক ফাইভকে। এই নিয়ে তৃতীয় টিকা হাতে পাবেন ভারতীয়রা। জানা গিয়েছে, ভারতে এই টিকা ব্যবহারের জন্য প্রস্তাব রেখেছিল হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। কেন্দ্র সরকারের কাছে স্পুটনিক ফাইভ ব্যবহারের অনুমোদন চাওয়া হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই স্পুটনিক ফাইভকে ব্যবহার করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।করোনার সঙ্গে লড়াই করার জন্য কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পাশাপাশি এবার ভারতের হাতে থাকবে স্পুটনিক ভি।উল্লেখ্য, ভারতে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছিল ডক্টর রেড্ডিস। এজন্য তারা রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সঙ্গে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে গাঁটছড়া বাঁধে।ডক্টর রেড্ডিস রাশিয়া ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)–এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারত সহ অন্যান্য দেশে স্পুটনিক ফাইভকে নিয়ে এসেছে। রাশিয়া, ভারত ও আমেরিকাতে এই ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে। ল্যানসেট জার্নাল অনুসারে রাশিয়ার কোভিড–১৯ ভ্যাকসিন ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।বর্তমানে ভারতে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন।সূত্রের খবর, ভ্যাকসিনের আকাল মেটাতে চলতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আরও পাঁচটি টিকা উৎপাদনকারী সংস্থা ভারতের হাতে তুলে দেবে ভ্যাকসিন। যার মধ্যে সবার প্রথমে পাওয়া যাবে স্পুটনিক ভি। এছাড়া রয়েছে জনসন অ্যান্ড জনসন, নোভাভ্যাক্স, জ়াইডাস ক্যাডিলা-র টিকা ও ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজ়াল ভ্যাকসিন।
