দেশ
দিল্লি যেন দূর্গ, রাস্তায় পেরেক গেঁথে আন্দোলন রোখার চেষ্টা দিল্লি পুলিশের
নিউজ ডেস্ক , ০২ ফেব্রুয়ারি : নয়া কৃষি আইন বাতিলের দাবিতে টানা কৃষক আন্দোলনের জেরে কার্যত জেরবার কেন্দ্রীয় সরকার। একাধিকবার সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হলেও কোনো সূত্র বের হয়নি। এই পরিস্থিতিতে কৃষক আন্দোলন রুখতে এবার কড়া পদক্ষেপ নিল দিল্লি পুলিশ।
সিঙ্ঘু-টিকরি-গাজিপুর সীমানাকে ‘কার্যত’ দুর্গে পরিণত করা হয়েছে। রাস্তায় সিমেন্ট ঢেলে গেঁথে দেওয়া হয়েছে পেরেক। সঙ্গে উঁচু কংক্রিটের দেওয়াল। রয়েছে বোল্ডার-ব্যারিকেডও (Barricades)। বন্ধ করে দেওয়া দিল্লিমুখী সমস্ত রাস্তা। ২ রা ফেব্রুয়ারি ৬৭ দিনে পড়ল কৃষক আন্দোলন। দিল্লি-উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তে দীর্ঘ দু’মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছেন কৃষকরা। যা নিয়ে রীতিমতো চাপে কেন্দ্র। গত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্রাক্টর মিছিল করে কেন্দ্রকে চাপে ফেলে দেন কৃষকরা। এই পরিস্থিতিতে আন্দোলন কোন পথে যায় তা নিয়ে জল্পনা চলছিল বিভিন্ন মহলে। সোমবার রাত থেকে আন্দোলন দমন করতে মাঠে নেমে পড়ে দিল্লি পুলিশ। সিঙ্ঘু সীমান্তে দু’টি সিমেন্টের ব্যারিকেডকে লোহার রড দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে। জায়গাটি সিঙ্ঘু সীমান্তের একেবারে গায়েই। পাশাপাশি গাজিপুর সীমান্তে রীতিমতো ড্রোনের নজরদারিতে তৈরি করা হচ্ছে ব্যারিকেড। একই ভাবে টিকরি সীমান্তেও বহুস্তরীয় ব্যারিকেড তৈরি করতে দেখা গিয়েছে। রাস্তায় পোঁতা হয়েছে পেরেক। অন্যদিকে এই ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন দেওয়াল নয়, সেতু গড়ে তুলুক কেন্দ্র। অপরদিকে আগামী শনিবার কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে চাকা জাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ফলে কৃষক আন্দোলন নিয়ে ক্রমশঃই জটিল হচ্ছে দিল্লির পরিস্থিতি।
