ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়! কেন্দ্রের প্রস্তাব ফেরাল বিরোধীরা, উত্তাল সংসদ
Connect with us

দেশের খবর

ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়! কেন্দ্রের প্রস্তাব ফেরাল বিরোধীরা, উত্তাল সংসদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নফাঁস (Paper Leak) ইস্যুতে সংসদে (Parliament) আলোচনার জন্য কেন্দ্র সরকার (Central Government) ইতিবাচক মনোভাব দেখালেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরল না বিরোধী শিবির (Opposition)। তাঁদের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগ (Resignation) ছাড়া কোনও আলোচনা শুরু হবে না। এই অচলাবস্থার জেরেই বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।

বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, বিরোধীরা চাইলে নিট, প্রশ্নফাঁস-সহ সমস্ত ইস্যুতে আলোচনা হতে পারে। আলোচনার সময় ও দিন নির্ধারণের ক্ষেত্রেও বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং সরকার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তবে বিরোধীরা জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীর ইস্তফাই আলোচনার প্রথম শর্ত। ফলে কেন্দ্রের প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করা হয়।

বৃহস্পতিবার সকালেই সংসদের মকর দ্বারের (Makar Dwar) সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)-সহ বিরোধী সাংসদরা। তাঁদের দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগে দায়ী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

এর পাল্টা শাসক জোটের (NDA) সাংসদরাও বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিরোধীরা ছাত্র আন্দোলনকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে এবং প্রধানমন্ত্রীকে ঘিরে অযথা বিতর্ক তৈরি করছে। ফলে সংসদের বাইরে স্লোগান-পাল্টা স্লোগানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

Advertisement
ads ads

অধিবেশন শুরু হওয়ার পরও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বিরোধী সাংসদরা ওয়েলে (Well of the House) নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। স্পিকার ওম বিড়লা (Om Birla) জানান, সরকার আলোচনায় প্রস্তুত। কিন্তু বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত অধিবেশন মুলতুবি (Adjournment) করে দিতে হয়।

নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের এই সংঘাত সংসদের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।