ভাইরাল খবর
‘কত অত্যাচারী ছিল লোকে জানুক’! স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে সরব দিলীপ ঘোষ
ডিজিটাল ডেস্কঃ টলিউডের প্রভাবশালী সংগঠক তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) গ্রেপ্তার করার পর এবার রাজ্য রাজনীতি ও বিনোদন মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার কড়া প্রতিক্রিয়া (Reaction) জানিয়েছেন রাজ্যের বর্তমান পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, “লোকে এবার জানুক এরা কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার (Abuse of Power) করেছে। বছরের পর বছর মানুষ ভয়ে মুখ খোলার সাহস পায়নি, পরিস্থিতি বদলাতেই এখন কমপ্লেন করছে।” তিনি স্পষ্ট জানান, দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে এবং অন্যায় করলে কেউ ছাড় পাবে না।
বৃহস্পতিবার রাতে এক মহিলা মেকআপ আর্টিস্টের (Makeup Artist) লিখিত অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইনের (Arms Act) একাধিক ধারায় স্বরূপকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। গ্রেপ্তারের পর থানার সামনে ব্যাপক জনরোষ ও বিক্ষোভ শুরু হওয়ায় নিরাপত্তার খাতিরে রাতেই তাঁকে লালবাজারে (Lalbazar) সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার সকালে জনরোষ থেকে বাঁচাতে সময়ের অনেকটাই আগে তাঁকে আলিপুর আদালতে (Alipur Court) হাজির করা হয়।
অভিযোগকারিণীর দাবি, বিগত দু’বছর ধরে টলিপাড়ায় কাজ না পেয়ে তিনি স্বরূপের সঙ্গে যোগাযোগ করলে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভবিষ্যতে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি (Threat) দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁর শ্লীলতাহানি (Molestation) করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, চলতি বছরের মার্চ মাসে ওই মহিলার বাড়িতে একদল দুষ্কৃতী তাঁকে খুন করার উদ্দেশ্যে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল, যাদের সঙ্গে স্বরূপের সরাসরি যোগসূত্র ছিল। টলিপাড়ার একাংশের দাবি, দাদার মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অভিনেতা ও কলাকুশলীদের ওপর একছত্র আধিপত্য ও অত্যাচার চালাচ্ছিলেন স্বরূপ। এই গ্রেপ্তারি প্রকাশ্যে আসতেই দীর্ঘদিনের জমা ক্ষোভ উগরে দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন টলিউডের বহু শিল্পী।
