খেলার খবর
টিম ইন্ডিয়ায় কবে দেখা যাবে ১৫ বছরের বৈভবকে? বড় আপডেট দিলেন বিসিসিআই সচিব
ডিজিটাল ডেস্কঃ সদ্যসমাপ্ত আইপিএল (IPL 2026) শেষ হলেও ক্রিকেটমহলে বিহারের ১৫ বছর বয়সী বিস্ময় বালক (Wonder Kid) বৈভব সূর্যবংশীকে ঘিরে আলোচনা থামছে না। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে এই মরসুমে ১৬ ম্যাচে ২৩৭.৩০-এর বিস্ফোরক স্ট্রাইক রেটে (Strike Rate) ৭৭৬ রান করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অরেঞ্জ ক্যাপ (Orange Cap) জিতেছেন তিনি। শুভমন গিল ও সাই সুদর্শনের রেকর্ড ভেঙে এক মরসুমে সর্বাধিক ৭২টি ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলের রেকর্ডও চূর্ণ করেছেন বৈভব। স্বাভাবিকভাবেই তাঁকে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে (Indian Cricket Team) দেখার দাবি জোরালো হয়েছে।
এই বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া। আহমেদাবাদে আইপিএল ফাইনালের (IPL Final) পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) টানা দ্বিতীয়বার ট্রফি জেতার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি বৈভবের ভূয়সী প্রশংসা করেন তিনি। বৈভবের জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্নে বিসিসিআই সচিব বলেন, “ও এক দুর্ধর্ষ প্রতিভার অধিকারী এবং ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বৈভবকে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে (Highest Level) নিয়ে যাওয়ার জন্য বিসিসিআই কোনো খামতি রাখবে না।”
VIDEO | Ahmedabad: Here’s what BCCI secretary Devajit Saikia said on RCB’s victory in IPL final, Vaibhav Sooryavanshi and Women’s T20 World Cup also. pic.twitter.com/VVi522WnUX
— Press Trust of India (@PTI_News) May 31, 2026
দেবজিৎ সাইকিয়া আরও স্পষ্ট করেন যে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি (Selection Committee) আইপিএলের ম্যাচগুলোর ওপর কড়া নজর রেখেছিল। আসন্ন ইংল্যান্ড সফরের (England Tour) দল নির্বাচনের জন্য যখন নির্বাচনী বৈঠক (Selection Meeting) হবে, তখন বৈভবের নাম অবশ্যই আলোচনায় উঠে আসবে। কমলা টুপির পাশাপাশি মরসুমের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার (MVP), সুপার স্ট্রাইকার ও সেরা উদীয়মান খেলোয়াড়ের (Emerging Player) পুরস্কার জেতা এই ব্যাটার ইতিমধ্যেই ভারত ‘এ’ দল এবং এশিয়ান গেমসের (Asian Games) সম্ভাব্য ৩০ জনের দলে জায়গা করে নিয়েছেন। এখন দেখার, প্রধান নির্বাচক আগরকর বৈভবকে এখনই সিনিয়র দলে সুযোগ দেন নাকি আরও কিছুটা সময় নেন।
