ভাইরাল খবর
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল! পাশের হারের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর
ডিজিটাল ডেস্কঃ প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফলাফল। পরীক্ষা শেষের মাত্র ৭৬ দিনের মধ্যেই বৃহস্পতিবার সকালে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর মোট পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে ৯৪.১৯ শতাংশ পরীক্ষার্থী সফল হয়েছেন। দ্বিতীয় স্থানে হাওড়া এবং তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।
এবারের পরীক্ষায় মোট ৫,৭১,৩৫৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৬৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ৫৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী। কলকাতার চারজন পরীক্ষার্থীও প্রথম দশে স্থান পেয়েছেন। এবারের সর্বোচ্চ নম্বর পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬, অর্থাৎ ৯৯.০২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে জিষ্ণু কুন্ডু, তার প্রাপ্ত নম্বর ৪৯৫।
এই বছর প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে (Semester System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। সংসদের দাবি, দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম এই পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা আয়োজন করল। পরীক্ষার্থীদের মার্কশিটে এবার বিষয়ভিত্তিক নম্বরের পাশাপাশি পার্সেন্টাইল (Percentile) ও পরীক্ষার্থীর ছবিও যুক্ত করা হয়েছে।
সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে রাজ্যের ৫৬টি কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।


