দেশের খবর
৭৭৪৪ কোটি টাকার বার্ষিক প্যাকেজ! এলন মাস্কের পরেই যাদবপুরের প্রাক্তনী শঙ্খ মিত্র
ডিজিটাল ডেস্কঃ বিশ্ব কর্পোরেট দুনিয়ায় (corporate world) ফের একবার উজ্জ্বল হলো বাংলার মুখ। আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রধান নির্বাহীদের (CEO) তালিকায় ইলন মাস্কের ঠিক পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন এক বঙ্গসন্তান। তিনি শঙ্খ মিত্র, যিনি আমেরিকার প্রথম সারির বিখ্যাত রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ‘ওয়েলটাওয়ার ইনকর্পোরেশন’-এর সিইও এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার। বর্তমানে তাঁর বার্ষিক পারিশ্রমিক (annual compensation) ৮২১ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৭৪৪ কোটি টাকা!
কলকাতার সঙ্গে শঙ্খ মিত্রের নাড়ির যোগ অত্যন্ত গভীর। তিনি কলকাতারই ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (graduate) হন। এরপর উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে নামী ‘কলাম্বিয়া বিজনেস স্কুল’ থেকে এমবিএ (MBA) সম্পন্ন করেন। ২০০২ সালে বহুজাতিক সংস্থা ‘প্রাইসওয়াটারহাউসকুপারস’ (PwC)-এ যোগ দিয়ে কর্মজীবন শুরু করার পর তিনি ফিডেলিটি, সিটাডেল ও মিলেনিয়াম ম্যানেজমেন্টের মতো বিশ্বসেরা আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। ২০১৬ সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ‘ওয়েলটাওয়ার’-এ যোগ দেন এবং অসামান্য মেধার জোরে ২০২০ সালে সংস্থার শীর্ষপদ অর্থাৎ সিইও পদে বসেন।
শঙ্খবাবুর এই বিপুল আয়ের প্রায় ৯৯ শতাংশই আসে সংস্থার স্টক গ্রান্ট বা শেয়ারের (shares) মাধ্যমে। ইতিমধ্যে সংস্থায় তাঁর স্টকের বাজারমূল্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে শর্ত অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত সংস্থায় কর্মরত থাকলে তিনি এর অর্ধেক পাবেন এবং বাকিটা নির্ভর করছে আগামী ৫ বছরে সংস্থার ৪৫ শতাংশ বাজারমূল্য বৃদ্ধির ওপর। প্রথম দশে পালো অল্টো নেটওয়ার্কের সিইও নিকেশ অরোরা (অষ্টম স্থান) ছাড়াও আরও একাধিক বিশ্বখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, তবে যাদবপুরের প্রাক্তনীর (alumnus) এই অভূতপূর্ব আকাশছোঁয়া সাফল্য আজ গোটা বাংলাকে গর্বিত করেছে।
