ভাইরাল খবর
চন্দ্রকোনা মামলায় স্বস্তি বিরোধী দলনেতার! ২৯ পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নয়
ডিজিটাল ডেস্কঃ চন্দ্রকোনা কাণ্ডে (Chandrakona Incident) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বড়সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ (No Coercive Action) করা যাবে না। ফলে আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন বিজেপি নেতা।
এই মামলায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে CAPF এবং রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। প্রসঙ্গত, ওই ঘটনার পর শুভেন্দুর বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের হয়েছিল। সেই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।
বিজেপির (BJP) অভিযোগ, চন্দ্রকোনায় তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সেদিন গভীর রাত পর্যন্ত থানায় অবস্থান বিক্ষোভ করেন শুভেন্দু। পাশাপাশি কনভয় হামলার ঘটনায় সিবিআই তদন্তের (CBI Probe) দাবিতে এবং স্থানীয় পুলিশের নিরপেক্ষতা নিয়ে আলাদা করে মামলা হয়।
শুভেন্দুর দাবি, তাঁর গাড়ির উপর বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়, কাঁচ ভাঙার চেষ্টা করা হয়। অনেকক্ষণ পুলিশ না আসায় তিনি নিজেই চন্দ্রকোনা রোড ফাঁড়িতে যান। গোটা ঘটনাকে ‘পরিকল্পিত চক্রান্ত’ বলে দাবি করে শুভেন্দু বলেন, নির্বাচনের আগে বিরোধী কণ্ঠস্বর দমনে এই হামলা। আদালতের এই নির্দেশে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।


