১৪ জানুয়ারিতেই আইপ্যাক মামলার শুনানি, ইডির আর্জি মানল না হাইকোর্ট
Connect with us

রাজনীতি

১৪ জানুয়ারিতেই আইপ্যাক মামলার শুনানি, ইডির আর্জি মানল না হাইকোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আইপ্যাক (I-PAC) মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি শুভ্রা ঘোষের (Justice Shuvra Ghosh) এজলাসে শুনানি চলাকালীন তীব্র বিশৃঙ্খলার জেরে মামলাটি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখা হয়। তার পরই আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

তবে সেই আবেদন গ্রহণ করেনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির (Acting Chief Justice) বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু ইতিমধ্যেই একটি জুডিশিয়াল অর্ডার (Judicial Order) দেওয়া হয়েছে, তাই শুনানির তারিখ বা বেঞ্চ বদল করা সম্ভব নয়। ফলে আগামী ১৪ জানুয়ারিতেই আইপ্যাক মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে (Sector V) সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থা তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী কৌশল ও নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে, ইডির দাবি, কয়লা পাচার (Coal Scam) সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলায় যায় তৃণমূলও। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি ওঠার পর কোর্টরুমে হইহট্টগোল চরমে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শুনানি স্থগিত রাখা হয়।

Advertisement
ads