ভাইরাল খবর
ডিপফেক, বিভ্রান্তিকর প্রচারে নিষেধাজ্ঞা, AI নিয়ে স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে (Bihar Assembly Election) ঘিরে কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) নির্ভর কনটেন্ট (Content) ব্যবহারের ক্ষেত্রে একগুচ্ছ দিকনির্দেশ জারি করেছে কমিশন।
নভেম্বর মাসে বিহার বিধানসভার পাশাপাশি আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, AI ভিত্তিক ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কড়া ব্যবস্থা।
কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রার্থী, রাজনৈতিক দল কিংবা তারকা প্রচারকদের দ্বারা ব্যবহৃত AI-Generated, Digitally Enhanced বা Synthetic Content হলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সোশ্যাল মিডিয়া (Social Media) বা প্রচারমূলক ভিডিওতেও (Promotional Video) এই বিষয়টি লেবেল (Label) আকারে দেখাতে হবে।
আদর্শ আচরণবিধি (Model Code of Conduct – MCC) অনুযায়ী, এক দল অন্য দলের সমালোচনা করতে পারে ঠিকই, তবে তা নীতিগত অবস্থান, কার্যক্রম ও কার্যদক্ষতার পরিসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত আক্রমণ বা প্রাসঙ্গিক নয় এমন অভিযোগের প্রচার পুরোপুরি নিষিদ্ধ।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ডিপফেক ভিডিও (Deepfake Video) এবং AI নির্ভর বিকৃত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। ফলে এই ধরনের কনটেন্টের উপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনী প্রচারে প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ নয়, তবে তা বিভ্রান্তিকর হলে কোনোভাবেই সহ্য করা হবে না। কমিশনের বক্তব্য অনুযায়ী, নির্বাচনের মর্যাদা রক্ষা করাই তাদের প্রধান অগ্রাধিকার।
সবশেষে কমিশন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রতিটি রাজনৈতিক প্রচার পোস্ট ও ভিডিওর উপর কড়া নজর রাখা হচ্ছে। আদর্শ আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
