দুর্ঘটনা
বালোচিস্তানে ফের হামলার শিকার জাফর এক্সপ্রেস, লাইনচ্যুত ৬ কামরা
ডিজিটাল ডেস্কঃ বালোচিস্তানে ফের ভয়ঙ্কর হামলার (attack) শিকার হল যাত্রীবাহী (passenger) ট্রেন জাফর এক্সপ্রেস (Jaffar Express)। মঙ্গলবার, মাস্তুং জেলার দাশ্ত (Dasht) অঞ্চলে ভয়াবহ আইইডি (IED) বিস্ফোরণে ট্রেনটির ৬টি কামরা (coaches) লাইনচ্যুত (derail) হয়ে যায়। ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই সময় ট্রেনটিতে ৪০০-র বেশি যাত্রী ছিল। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, পেশোয়ার (Peshawar) থেকে কোয়েটা (Quetta) যাচ্ছিল ট্রেনটি। পথে দাশ্ত এলাকায় ট্রেনটির উপর আচমকা বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান, রেললাইনে পেতে রাখা আইইডি বিস্ফোরণের (explosion) ফলেই এই বিপর্যয়। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি।
ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের চিকিৎসার (treatment) জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ছ’টি কামরা লাইনের বাইরে ছিটকে যায়।
এটি চলতি আগস্ট মাসে পাকিস্তানে পঞ্চম ট্রেন হামলার ঘটনা। এর আগেও গত ১০ আগস্ট জাফর এক্সপ্রেসে একই ধরনের বিস্ফোরণ ঘটেছিল। সেবারও ৫টি কামরা লাইনচ্যুত হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও বালোচিস্তানের বোলানে (Bolan) জাফর এক্সপ্রেসকে অপহরণ করে বালোচ বিদ্রোহীরা (Baloch militants)। পাক সেনার (Pakistan Army) দাবি ছিল, অপারেশন চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে পালটা দাবি করে বলা হয়, ২১৪ জন পণবন্দিকে হত্যা করা হয়েছিল, যারা সকলেই সেনার ঘনিষ্ঠ ছিলেন।
ঘটনাস্থল দাশ্ত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বালোচ বিদ্রোহীদের দখলে বলে পরিচিত। ফলে আবারও এই হামলার পিছনে বালোচদেরই হাত রয়েছে বলে ধারণা করছে পাকিস্তান প্রশাসন।


