খুন
নাবালকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে মৃত ২, আগুন প্রতিবেশীর বাড়িতে
ডিজিটাল ডেস্কঃ নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুর (Nischintapur, Tehatta) এলাকায় এক নাবালকের রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে গণপিটুনিতে প্রাণ হারালেন অভিযুক্তসহ আরও এক ব্যক্তি। শনিবার সকালে পুকুরে ত্রিপলে মোড়া অবস্থায় তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাসের (Swarnabh Biswas) মৃতদেহ উদ্ধার হতেই বিক্ষুব্ধ জনতা চড়াও হয় প্রতিবেশীর উপর।
অভিযোগ, ওই নাবালক শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার দেহ দেখতে পান স্থানীয়রা। মাথায় গভীর আঘাতের চিহ্ন ও মুখ থেকে রক্ত বেরোতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী উত্তম মণ্ডল (Uttam Mondal) এর আগেও শিশু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। এবারও তার বিরুদ্ধে স্বর্ণাভকে পাচারের ছক কষার অভিযোগ ওঠে। এরপরই উত্তেজিত জনতা উত্তমের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করে, আগুন ধরিয়ে দেয় বাড়িতে। উত্তমসহ আরও একজন গুরুতর আহত অবস্থায় মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই।
পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও গণপিটুনির মতো ঘটনায় ফের একবার আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠছে।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে গণপ্রহারে এক যুবকের মৃত্যু হয়, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নদিয়ায় ফের একই ধরনের ঘটনা জনমনে শঙ্কা বাড়াচ্ছে।
পুলিশ জানিয়েছে, স্বর্ণাভর মৃত্যুর তদন্ত শুরু হয়েছে, তবে আইনভঙ্গকারীদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


