খুন
বোনকে রক্ষায় দাদার মৃত্যুফাঁদ, ছুরিকাঘাতে মৃত্যু উত্যক্তকারী যুবকের
ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশের গুনা জেলায় এক হৃদয়বিদারক ঘটনা। নিজের বোনকে নিয়মিত উত্যক্ত করার জেরে শেষ পর্যন্ত এক যুবককে খুনের অভিযোগ উঠেছে বোনের দাদার বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম অভিষেক টিঙ্গা (Abhishek Tinga)। পুলিশ জানিয়েছে, খুনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বোনের জন্মদিনের কেক কাটা ছুরি।
ঘটনা গুনার নানাখেড়ী মান্ডি এলাকায়। মৃতের নাম অনিল করোশিয়া (Anil Koroshiya, 21)। অভিযোগ, অনিল নিয়মিতভাবে অভিষেকের বোনকে বিরক্ত করত। এমনকি তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে সোনা–রূপার গয়নার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু তরুণী সেই প্রস্তাবে রাজি হননি। এ সব জানার পরেই ক্ষুব্ধ হন অভিষেক। পুলিশি তদন্তে জানা গিয়েছে, অপমানজনক মন্তব্য এবং আচরণকে আর সহ্য করতে পারেননি তিনি। এর পরেই বন্ধুদের সঙ্গে মিলে অনিলকে খুনের পরিকল্পনা করেন অভিষেক।
পুলিশ সুপার অঙ্কিত সোনি (Ankit Soni) জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অভিষেক স্বীকার করেছে যে অনলাইনে পাঁচটি ছুরি কিনেছিল। এর একটি ব্যবহার করা হয়েছিল বোনের জন্মদিনে কেক কাটতে। সেই ছুরিটিই পরবর্তী সময়ে অনিলকে খুন করার জন্য কাজে লাগে। পুলিশের দাবি, খুনের দিন অনিলকে স্থানীয় এলাকায় মদ্যপ অবস্থায় ঘিরে ধরে অভিষেক ও তার বন্ধুরা। তারপর পরিকল্পনা মতো আঘাত করা হয়।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কয়েক জন বন্ধু এবং সহযোগীকেও আটক করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এটি এক রকম “পরিকল্পিত প্রতিশোধমূলক খুন”।
একটি জন্মদিনের আনন্দঘন মুহূর্তের স্মারক ছুরি যে এত বড় এক খুনের ঘটনায় ব্যবহার হবে, তা কেউই ভাবতে পারেননি। বোনের সম্মান রক্ষা করতে গিয়ে দাদার হাতে নেমে এল রক্তাক্ত পরিণতি। ঘটনাটি এখন গুনা জেলার মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


