খুন
শাশুড়ির পরকীয়া ফাঁস, পণ না মেটাতেই শ্বাসরোধে খুন অন্তঃসত্ত্বা গৃহবধূকে!
ডিজিটাল ডেস্কঃ পূর্ব মেদিনীপুরে নৃশংস হত্যাকাণ্ড। পণ-দাবি আর শাশুড়ির গোপন পরকীয়ার রহস্য ফাঁস হওয়ায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। অভিযোগ, স্বামী এবং শাশুড়ি মিলে শ্বাসরোধ করে খুন করেছে তাঁকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এগরা থানার এরেন্দাবাদ গ্রামে। মৃতার নাম যমুনা জানা পাল (Jamuna Jana Pal)। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সৌগত পাল ও শাশুড়ি দূর্গা পাল।
পরিবার সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা শিবু জানার মেয়ে যমুনার বিয়ে হয় প্রায় দেড় বছর আগে সৌগত পালের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে শুরু হয় ২ লক্ষ টাকার অতিরিক্ত পণের চাপ। না দিতে পারায় নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো যমুনাকে।
আরও পড়ুনঃ সুরাটে বাংলার শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুক্ত শ্রমিকরা
অভিযোগ, শাশুড়ি দূর্গা পালের এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। প্রতিবন্ধী শ্বশুর গৌরাঙ্গ পালের অসুস্থতার সুযোগে সেই সম্পর্ক বহুদিন ধরেই চলছিল। এ ঘটনার কথা জানতে পারেন যমুনা। প্রতিবাদ করতেই অশান্তি তীব্র আকার নেয়। এরপরই তাঁকে খুনের ছক কষা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অন্তঃসত্ত্বা যমুনাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
মৃতার বাবা শিবু জানা কান্নায় ভেঙে পড়ে বলেন, “বিয়ের পর থেকেই পণ নিয়ে মেয়ের উপর নির্যাতন চলছিল। শাশুড়ির পরকীয়া ধরে ফেলেছিল মেয়ে। তাই নৃশংসভাবে তাকে মেরে ফেলা হল। আমি এর বিচার চাই।”
পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। স্থানীয়দের মতে, যমুনা ছিলেন সাহসী মেয়ে। পরিবার ও সমাজের অন্যায় সহ্য করতেন না। আর সেই প্রতিবাদই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।
অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে গ্রামবাসী এবং মৃতার পরিবার।
